ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিএনপি'র মনোনয়ন বঞ্চিতদের বিক্ষোভ, ৪০ কিলোমিটার যানজট
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ০৪ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
চট্টগ্রাম-৪ আসনে আসলাম চৌধুরীকে মনোনয়ন না দেওয়ায় সমর্থকদের বিক্ষোভে স্থবির মহাসড়ক, অন্তত ৪০ কিলোমিটার দীর্ঘ যানজট
চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরীকে দলীয় মনোনয়ন না দেওয়ায় তার কর্মী-সমর্থকরা সোমবার (৪ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।
দলটির কেন্দ্রীয় ঘোষণায় ওই আসনে মনোনয়ন পেয়েছেন বিএনপি নেতা কাজী সালাহউদ্দিন, যিনি চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির বিলুপ্ত কমিটির যুগ্ম আহ্বায়ক ছিলেন।
সন্ধ্যার পরপরই প্রার্থীর নাম ঘোষণার সঙ্গে সঙ্গে ভাটিয়ারি, জলিল টেক্সটাইল গেইট, মাদাম বিবিরহাট, পৌরসদর ও জোড় আমতল এলাকায় বিক্ষুব্ধ নেতাকর্মীরা মহাসড়কে ব্যারিকেড দেন। এসময় তারা টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেন। এতে মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
সীতাকুণ্ড উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. হেলাল উদ্দিন বলেন,
> “আসলাম চৌধুরী শুধু দলের সিনিয়র নেতা নন, তিনি আওয়ামী লীগ সরকারের সময় দীর্ঘ ১৬ বছর নির্যাতন-অত্যাচারের শিকার হয়েছেন, জেলও খেটেছেন। এমন নেতাকে বাদ দেওয়া দলের প্রতি অবিচার।”
স্থানীয়রা জানান, সলিমপুর, ফকিরহাট ও বাংলাবাজার এলাকায় বিক্ষুব্ধরা ২০-২৫টিরও বেশি গাড়ি ভাঙচুর করেছেন। হঠাৎ অবরোধের ফলে মহাসড়কের দুই পাশে প্রায় ৪০ কিলোমিটার যানজট সৃষ্টি হয়। এতে আটকা পড়ে হাজারো দূরপাল্লার যানবাহন ও যাত্রী।
বারআউলিয়া হাইওয়ে থানার ওসি আব্দুল মমিন বলেন,
> “সন্ধ্যার পর থেকে অন্তত পাঁচটি স্থানে বিএনপি নেতাকর্মীরা ব্যারিকেড দেয়। রাত সাড়ে ৯টা পর্যন্তও তারা সড়ক থেকে সরেনি। এতে প্রায় ৪০ কিলোমিটারের বেশি এলাকায় যানজট তৈরি হয়েছে।”
এদিকে পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় সীতাকুণ্ড রেলওয়ে স্টেশনে নাসিরাবাদ ও চট্টলা এক্সপ্রেস নামে দুটি ট্রেন অস্থায়ীভাবে থামিয়ে রাখা হয়েছে।
রেলওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) আশরাফ সিদ্দিকী বলেন,
> “সীতাকুণ্ড থেকে চট্টগ্রাম পর্যন্ত ৪২ কিলোমিটার এলাকায় ব্যারিকেড রয়েছে। ট্রেন বা যাত্রীদের নিরাপত্তা বিবেচনায় দুটি ট্রেন স্টেশনে আটকে রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে চলাচল শুরু হবে।”
এনামুল হক রাশেদী, চট্টগ্রাম
আপনার মতামত লিখুন :