নেত্রকোণার ঋষিপাড়ায় ৩০ নারী পেলেন সেলাই প্রশিক্ষণের সনদ ও ভাতা


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ৩০ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:


মোঃ নাজমুল ইসলাম,নেত্রকোণা প্রতিনিধি:

নেত্রকোণার মালনি ঋষিপাড়ায় অপ্রাতিষ্ঠানিক যুব উন্নয়ন কর্মসূচির আওতায় সেলাই প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করা ৩০ জন নারীর মধ্যে সনদপত্র ও প্রশিক্ষণ ভাতা বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বপ্ন বুনন সেলাই শিখন কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও প্রশিক্ষক তাহমিদা ইসলাম। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কিবরিয়া চৌধুরী হেলিম, প্রবীণ সাংবাদিক শ্যামলেন্দু পাল এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নুরুজ্জামান মিলো।

সভাপতির বক্তব্যে তাহমিদা ইসলাম বলেন, নারীদের দক্ষতা বৃদ্ধি এবং অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি কিশোরী ও নারীদের জন্য আরও কর্মমুখী ও সময়োপযোগী প্রশিক্ষণের আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন।

কিবরিয়া চৌধুরী হেলিম বলেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় নারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁদের দক্ষতা ও সক্ষমতা বাড়াতে সরকারি-বেসরকারি উদ্যোগ আরও জোরদার করা প্রয়োজন। দক্ষ নারীই আত্মনির্ভরশীল পরিবার ও সমৃদ্ধ সমাজ গঠনে কার্যকর ভূমিকা রাখতে পারেন।

প্রবীণ সাংবাদিক শ্যামলেন্দু পাল বলেন, প্রশিক্ষণ কেবল সনদ অর্জনের বিষয় নয়; এটি আত্মবিশ্বাস, দক্ষতা এবং স্বাবলম্বিতার ভিত্তি তৈরি করে। অর্জিত দক্ষতা কাজে লাগিয়ে নারীরা নিজেদের আর্থিক অবস্থার উন্নয়নের পাশাপাশি সমাজের উন্নয়নেও গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবেন।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নুরুজ্জামান মিলো বলেন, যুব উন্নয়ন অধিদপ্তরের লক্ষ্য দক্ষ ও আত্মনির্ভরশীল মানবসম্পদ গড়ে তোলা। প্রশিক্ষণপ্রাপ্ত নারীরা আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবেন এবং অন্যদেরও দক্ষতা অর্জনে উদ্বুদ্ধ করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানের শেষে প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করা ৩০ জন নারীর হাতে সনদপত্র ও প্রশিক্ষণ ভাতা তুলে দেওয়া হয়।



ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ