চাঁপাইনবাবগঞ্জে র্যাবের অভিযানে ১০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি আটক
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ১১ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
চাঁপাইনবাবগঞ্জে র্যাবের অভিযানে ১০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি আটক
_________________________________
চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন বারোঘরিয়া এলাকায় অভিযান চালিয়ে ১০ গ্রাম অবৈধ মাদক হেরোইনসহ জীবন ইসলাম (৪৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-৫, সিপিসি-১। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সব ধরনের অপরাধ দমনে র্যাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় নিয়মিত টহল ও মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।
ঘটনা সূত্রে জানা যায়, গত (১০ মার্চ) দুপুর ১১টা ৫০ মিনিটের দিকে র্যাব-৫, সিপিসি-১ এর একটি আভিযানিক দল চাঁপাইনবাবগঞ্জ সদর থানার বিভিন্ন এলাকায় নিয়মিত টহল ও মাদক উদ্ধার অভিযান পরিচালনা করছিল। এসময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে সদর উপজেলার বারোঘরিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বারোঘরিয়া বাজারে শিবগঞ্জ বিশ্বরোড সংলগ্ন অগ্রণী ব্যাংকের মোড় এলাকায় এক ব্যক্তি অবৈধ মাদক নিয়ে অবস্থান করছে।
সংবাদের সত্যতা যাচাইয়ের জন্য র্যাবের আভিযানিক দল উক্ত স্থানে অভিযান পরিচালনা করে।
এসময় বারোঘরিয়া বাজারের শিবগঞ্জ বিশ্বরোড সংলগ্ন অগ্রণী ব্যাংকের মোড়ের উত্তর-পশ্চিম পাশে সুজিত ডিজিটাল স্টুডিও সংলগ্ন ধৃত আসামির বসতবাড়ির দক্ষিণ পাশের প্রবেশ গেট থেকে জীবন ইসলামকে আটক করা হয়। তার কাছ থেকে ১০ গ্রাম অবৈধ হেরোইন উদ্ধার করা হয়। আটক জীবন ইসলাম (৪৫) বারোঘরিয়া ইউনিয়নের বাসিন্দা। তার পিতার নাম মৃত এনুপাল। র্যাব জানায়, ধৃত আসামি ও উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
আপনার মতামত লিখুন :