নান্দাইল চৌরাস্তায় পাবলিক টয়লেট নিয়ে আদালতে মামলা: দুই পক্ষকে নোটিশ
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ২৯ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
হুমায়ুন কবির | বিশেষ প্রতিনিধি | নান্দাইল।
ময়মনসিংহের নান্দাইল চৌরাস্তার দক্ষিণ অংশে অবস্থিত পাবলিক টয়লেটের (গণশৌচাগার) মালিকানা ও পরিচালনা নিয়ে সৃষ্ট বিরোধের জেরে আদালতে মামলা হয়েছে। এ নিয়ে স্থানীয় পর্যায়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা গেছে, নান্দাইল বারুইগ্রাম চৌরাস্তার টয়লেট পরিচালনার ইতিহাসে এটিই প্রথম আইনি বিরোধের ঘটনা।
মামলার বিবরণ:-
আদালত সূত্রে জানা যায়, বারুইগ্রামের বাসিন্দা মো. আবদুস হেলিমের ছেলে শফিকুল ইসলাম, মো. আবদুল কদ্দুছ জুয়েলের পক্ষে ময়মনসিংহের বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজিদারি কার্যবিধির ১৪৪ ধারায় একটি মামলা দায়ের করেছেন (মোকদ্দমা নং- ৭৯৯/২০২৬)। মামলায় বারুইগ্রামের মো. তারা মিয়ার ছেলে মো. মইনুদ্দীনকে বিবাদী করা হয়েছে।
প্রশাসনের পদক্ষেপ:-
মামলা দায়েরের পর আদালতের নির্দেশনা অনুযায়ী নান্দাইল মডেল থানা পুলিশ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে। নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ জানিয়েছেন, আদালতের আদেশ পাওয়ার পর তারা কার্যকর পদক্ষেপ নিয়েছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এএসআই মো. আল আমিন জানান, গত ১৬ জুন উভয় পক্ষকে লিখিত নোটিশ জারি করা হয়েছে। নোটিশে জমি নিয়ে যেকোনো ধরনের শান্তি-শৃঙ্খলা ভঙ্গ না করার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। আগামী ১২ আগস্ট ২০২৬ তারিখ সকাল ১০টায় উভয় পক্ষকে বিজ্ঞ আদালতে হাজির হয়ে মামলার জবাব দাখিল করতে বলা হয়েছে। এছাড়া কোনো পক্ষ কর্তৃক আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।
বাদীপক্ষের বক্তব্য:-
মামলার বাদী শফিকুল ইসলাম জানান, টয়লেট দখল ও পরিচালনার বিষয়টি নিয়ে দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তিতে তিনি আদালতের আশ্রয় নিয়েছেন। তিনি এ ঘটনার একটি শান্তিপূর্ণ ও আইনানুগ সমাধান প্রত্যাশা করছেন।
স্থানীয়রা বলছেন, ব্যস্ততম চৌরাস্তায় অবস্থিত এই গণশৌচাগারটি সাধারণ মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্রুত আইনি সুরাহার মাধ্যমে এর পরিচালনা স্বাভাবিক রাখার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
আপনার মতামত লিখুন :