তারেক রহমানের সঙ্গে সম্পাদিত ছবি পোস্ট, সমালোচনায় পীরগঞ্জের ছাত্রদল নেতা
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ২০ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
মোঃ আসাদুজ্জামান
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সম্পাদিত (এডিটেড) একটি সেলফি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে সমালোচনার মুখে পড়েছেন ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ডি.এন. ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি ও উপজেলা সাইবার ফোর্সের যুগ্ম আহ্বায়ক পলক উজ্জামান রনি।
জানা গেছে, গত ১৮ জুলাই গুলশানে দলের কার্যালয়ে ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার সাংগঠনিক সভা শেষে তারেক রহমানের সঙ্গে একটি সেলফি তোলেন পীরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া। পরে তিনি ছবিটি নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করেন।
পরবর্তীতে ওই ছবিটি সম্পাদনা করে জিয়াউল ইসলাম জিয়ার মুখমণ্ডলের স্থানে নিজের ছবি সংযোজন করেন পলক উজ্জামান রনি। এরপর সম্পাদিত ছবিটি নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করলে সেটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ছবিটির সত্যতা নিয়ে প্রশ্ন ওঠার পর রাজনৈতিক অঙ্গনসহ ফেসবুকজুড়ে শুরু হয় ব্যাপক আলোচনা-সমালোচনা।
সমালোচনার মুখে ফেসবুকে দেওয়া এক মন্তব্যে পলক উজ্জামান রনি দাবি করেন, তিনি কেবল জিয়াউল ইসলাম জিয়ার ছবির জায়গায় নিজের ছবি বসিয়েছেন। সেখানে অন্য কেউ থাকলেও একই কাজ করতেন বলেও উল্লেখ করেন তিনি। পাশাপাশি, যারা রাজনীতি বোঝেন না, তাদের এ বিষয়ে মন্তব্য না করার পরামর্শ দেন।
ঘটনার বিষয়ে পীরগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন সৈকত বলেন, বর্তমানে উপজেলায় ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি না থাকায় অভিযুক্ত নেতার বিরুদ্ধে তাৎক্ষণিক সাংগঠনিক ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে না। তবে তার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে। তিনি নেতাকর্মীদের সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর ও ভুয়া ছবি প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানান।
এ বিষয়ে ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের সভাপতি কায়েসের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
উল্লেখ্য, এর আগেও বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সম্পাদিত ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াদ আহমেদ রাজকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছিল।
আপনার মতামত লিখুন :