ভিত্তিহীন অপপ্রচারের অভিযোগে উত্তপ্ত ভালুকা: ইউএনও’র পদক্ষেপে স্বার্থান্বেষী মহলের ক্ষোভ
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
ভিত্তিহীন অপপ্রচারের অভিযোগে উত্তপ্ত ভালুকা: ইউএনও’র পদক্ষেপে স্বার্থান্বেষী মহলের ক্ষোভ
_____________________________
ভালুকা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি মহল উদ্দেশ্যমূলক ও ভিত্তিহীন অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় প্রশাসন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতে, এসব অপপ্রচারের নেপথ্যে রয়েছে স্বার্থহানির প্রতিক্রিয়া।
স্থানীয় সূত্রে জানা যায়, দায়িত্ব গ্রহণের পর থেকেই ইউএনও দখলদারিত্ব, চাঁদাবাজি ও প্রশাসনিক অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেন। বিশেষ করে উপজেলার গুরুত্বপূর্ণ সড়কগুলোর ফুটপাত দীর্ঘদিন দখলমুক্ত না থাকায় সাধারণ মানুষ চলাচলে ভোগান্তির শিকার হচ্ছিল। অভিযান পরিচালনার মাধ্যমে ফুটপাত উন্মুক্ত করা হলে কিছু ব্যবসায়ী ও অবৈধ দখলদারদের সঙ্গে প্রশাসনের দ্বন্দ্ব সৃষ্টি হয়।
এছাড়া, বাজারকেন্দ্রিক দীর্ঘদিনের অবৈধ চাঁদাবাজির বিরুদ্ধে ‘শূন্য সহনশীলতা’ নীতি গ্রহণ করেন ইউএনও। বিভিন্ন সূত্রের দাবি অনুযায়ী, অবৈধ অর্থ আদায় বন্ধ হওয়ায় সংশ্লিষ্ট চক্র ক্ষুব্ধ হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্র আরও জানায়, টিআর-কাবিখা প্রকল্পের অর্থ অতীতে যথাযথভাবে ব্যবহৃত হয়নি—এমন অভিযোগ দীর্ঘদিনের। বর্তমান ইউএনও এ অর্থ প্রকৃত উন্নয়নমূলক কাজে ব্যয়ের নির্দেশনা দেন এবং নিজে সরেজমিন পরিদর্শনের মাধ্যমে প্রকল্প বাস্তবায়নে গুরুত্ব দেন। ফলে গ্রামাঞ্চলের রাস্তা, কালভার্ট ও জনসেবামূলক কাজগুলোতে দৃশ্যমান অগ্রগতি হয়েছে বলে দাবি করছেন স্থানীয়রা।
এ বিষয়ে স্থানীয় শিক্ষক, ব্যবসায়ী, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো অপপ্রচারকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন। তারা বলছেন, “আইনের শাসন প্রতিষ্ঠায় যারা কঠোর পদক্ষেপ নেন—তাদের বিরুদ্ধেই সাধারণত অপপ্রচার চালানো হয়।”
স্থানীয় সচেতন নাগরিকরা দাবি করেন, একজন প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে অপপ্রচার শুধু ব্যক্তি নয়, পুরো প্রশাসনিক ব্যবস্থার প্রতি মানুষের আস্থাকে ক্ষতিগ্রস্ত করে। তারা বিষয়টি খতিয়ে দেখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
ভালুকা উপজেলার বিভিন্ন মহল থেকে ইউএনও’র প্রতি দায়িত্ব পালনে দৃঢ়তা ও সততার সঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়েছে।
মোঃ সেলিম সাজ্জাদ
সিনিয়র স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ
আপনার মতামত লিখুন :