হয়দরাবাদ দক্ষিণ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জরাজীর্ণ ভবন: ঝুঁকিতে কোমলমতি শিক্ষার্থীরা
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ১৬ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
গাজীপুর প্রতিনিধি:
গাজীপুর জেলার হয়দরাবাদ দক্ষিণ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জরাজীর্ণ ভবন নিয়ে চরম উদ্বেগের সৃষ্টি হয়েছে। ১৯৭০ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টির ভবন দীর্ঘদিনের পুরোনো হওয়ায় বর্তমানে তা অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ভবনের বিভিন্ন স্থানে বড় বড় ফাটল, ছাদের পলেস্তারা খসে পড়া এবং বিম দুর্বল হয়ে যাওয়ায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
জানা যায়, বিদ্যালয়ের কয়েকটি শ্রেণিকক্ষের ছাদ ও বিমের বিভিন্ন অংশে বড় ধরনের ফাটল দেখা দিয়েছে। কোথাও কোথাও পলেস্তারা খসে পড়ছে এবং দেয়ালের অংশ স্যাঁতসেঁতে হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে বর্ষা মৌসুমে ভবনের অবস্থা আরও নাজুক হয়ে পড়ে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
বিদ্যালয়টিতে প্রতিদিন শতাধিক কোমলমতি শিক্ষার্থী পাঠ গ্রহণ করে। তবে ঝুঁকিপূর্ণ ভবনে ক্লাস পরিচালনা করায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। অনেক অভিভাবক আশঙ্কা প্রকাশ করে বলেন, দ্রুত ব্যবস্থা গ্রহণ না করা হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
এলাকাবাসী ও স্থানীয় সচেতন মহল শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে দ্রুত ভবন সংস্কার অথবা নতুন ভবন নির্মাণের দাবি জানিয়েছেন। তাদের মতে, একটি নিরাপদ শিক্ষা পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন।
আপনার মতামত লিখুন :