পটুয়াখালী-১ এ আলতাফ হোসেন চৌধুরীর মনোনয়ন চূড়ান্তে দুমকিতে বিএনপির আনন্দ মিছিল


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ০৪ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:


মনোনয়নের খবর ছড়িয়ে পড়তেই দুমকি ও লেবুখালীতে শতাধিক নেতাকর্মীর উচ্ছ্বাস, স্লোগানে মুখরিত এলাকা


সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীর পটুয়াখালী-১ (মির্জাগঞ্জ-দুমকি-সদর) আসনে বিএনপি মনোনয়ন চূড়ান্ত ঘোষণার খবরে আনন্দ মিছিলে মুখরিত হয়ে উঠেছে দুমকি ও লেবুখালী এলাকা।

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে দুমকিতে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলের নেতৃত্ব দেন উপজেলা বিএনপি নেতা মতিউর রহমান দিপু, যুবদলের সাবেক সদস্য সচিব সালাউদ্দিন রিপন শরীফ ও ছাত্রদলের সদস্য সচিব সুমন শরীফ।

দুই শতাধিক নেতাকর্মীর অংশগ্রহণে মিছিলটি দুমকি গ্রামীণ ব্যাংক সড়কস্থ দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

এসময় নেতাকর্মীরা “আলতাফ ভাইয়ের নেতৃত্বে গণতন্ত্রের বিজয়” স্লোগানে উচ্ছ্বাস প্রকাশ করেন। সংক্ষিপ্ত সমাবেশে নেতারা বলেন, “দলের সিদ্ধান্তই আমাদের ঐক্যের প্রতীক। আমরা সবাই ধানের শীষের বিজয়ের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করবো।”

এর আধা ঘণ্টা পর লেবুখালী পায়রা সেতুর টোলপ্লাজা এলাকায়ও বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা অনুরূপ আনন্দ মিছিল করেন। সেখানে বক্তারা বলেন, “এ মনোনয়ন পটুয়াখালী-১ আসনে বিএনপির বিজয়ের পথ আরও প্রশস্ত করবে।”

আনন্দ মিছিলে শতাধিক নেতাকর্মী অংশ নেন। একসময় “আলতাফ ভাইয়ের জয় হোক” স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো দুমকি ও লেবুখালী এলাকা।


🧾 বার্তা প্রেরক:

সাকিব হোসেন
জেলা প্রতিনিধি, পটুয়াখালী


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ