ফেসবুকে প্রেম, চট্টগ্রামে গৃহবধূর প্রেমিক খুন — স্বামী গ্রেপ্তার
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ০৫ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
চট্টগ্রামের পাঁচলাইশ থানাধীন আতুরার ডিপো এলাকায় মো. হাসিবুল ইসলাম (২৬) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় গৃহবধূর স্বামী মোহাম্মদ জাহেদুল ইসলাম (৩১)কে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় হত্যায় ব্যবহৃত ছুরিটিও উদ্ধার করা হয়।
গ্রেপ্তার জাহেদুল ইসলাম হামজারবাগ এলাকার মো. জাহাঙ্গীর আলমের ছেলে। সোমবার (৩ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে চান্দগাঁও থানার মৌলভীপুকুরপাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান।
ওসি সোলায়মান জানান, নিহত হাসিবুল নগরীর ২ নম্বর গেট এলাকায় একটি রেস্টুরেন্টে চাকরি করতেন। প্রায় চার-পাঁচ মাস আগে খায়রুন নাহার ওরফে তানহা নামে এক নারীর সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার পরিচয় হয়। পরিচয় থেকে সম্পর্ক গড়ে প্রেমে রূপ নেয়।
তবে এ সম্পর্কের বিষয়টি জানতে পারেন তানহার স্বামী জাহেদুল ইসলাম। এরপর থেকেই তিনি হাসিবুলকে নানা সময় ফোনে হুমকি দিতে থাকেন।
পুলিশ কর্মকর্তা আরও জানান, সোমবার (৩ নভেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে জাহেদ কৌশলে হাসিবুলকে চা খাওয়ার কথা বলে বাসা থেকে ডেকে নেয়। পরে দুপুর ১টা ২০ মিনিটের দিকে সঙ্গীত আবাসিক এলাকায় রাস্তার ওপর কথা কাটাকাটির একপর্যায়ে জাহেদ ধারালো ছুরি দিয়ে হাসিবুলের বুকে ও পিঠে আঘাত করে পালিয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা হাসিবুলকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের ভাই ইমরান বাদী হয়ে পাঁচলাইশ থানায় মামলা দায়ের করেছেন। পরে পুলিশ রাত আড়াইটার দিকে অভিযান চালিয়ে চান্দগাঁও মৌলভীপুকুরপাড় এলাকা থেকে আসামি জাহেদকে গ্রেপ্তার করে। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটিও উদ্ধার করা হয়।
গ্রেপ্তার আসামিকে মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পাঁচলাইশ থানার ওসি মো. সোলায়মান।
এনামুল হক রাশেদী, চট্টগ্রাম:
আপনার মতামত লিখুন :