কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি ||
মাদারীপুরের কালকিনি পৌর এলাকার ভূরঘাটায় এক মানসিক ভারসাম্যহীন নারী এক ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। তবে সদ্যজাত এই শিশুর বাবার কোনো পরিচয় মেলেনি।
শুক্রবার (২৯ মে) ভোররাতে ভূরঘাটা এলাকার একটি পরিত্যক্ত স্থানে এই সন্তান প্রসবের ঘটনা ঘটে। পরে স্থানীয়দের সহায়তায় মা ও নবজাতককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানী সূত্রে জানা গেছে, ওই নারী দীর্ঘদিন ধরে কালকিনি পৌর এলাকার বিভিন্ন স্থানে ঘোরাফেরা করতেন। শুক্রবার ভোররাতে ভূরঘাটা এলাকায় তার প্রসব বেদনা শুরু হলে আশপাশের কয়েকজন নারী এগিয়ে আসেন। তাদের মানবিক সহায়তায় একটি ছেলে সন্তানের জন্ম হয়। ঘটনাটি জানাজানি হলে সকাল থেকে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং উৎসুক জনতা ভিড় জমায়।
খবর পেয়ে স্থানীয় প্রশাসন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মা ও নবজাতকের চিকিৎসার ব্যবস্থা করে। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফ উল আরেফীন জানান, মা ও নবজাতকের চিকিৎসাসহ প্রয়োজনীয় সব ধরনের সহায়তা প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হচ্ছে। তাদের সুস্থতা নিশ্চিত করতে সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে।
এদিকে এই ঘটনার পর স্থানীয় সচেতন মহলের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। রাস্তায় ঘুরে বেড়ানো অসহায় ও মানসিক ভারসাম্যহীন নারীদের নিরাপত্তা নিশ্চিতে এবং এই ঘটনার পেছনে দায়ী ব্যক্তিকে খুঁজে বের করতে প্রশাসনের আরও কঠোর ও কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
আপনার মতামত লিখুন :