ফরিদপুরে নারীকে ধর্ষণ ও হত্যার দায়ে ৪ আসামির আমৃত্যু কারাদণ্ড
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
ফরিদপুরে নারীকে ধর্ষণ ও হত্যার দায়ে ৪ আসামির আমৃত্যু কারাদণ্ড
_____________________________
আলামত নষ্টের অভিযোগে আরও দুইজনের পাঁচ বছরের কারাদণ্ড
ফরিদপুরের সদরপুর উপজেলায় এক নারীকে (২৫) ধর্ষণ ও হত্যার দায়ে চার আসামিকে আমৃত্যু সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ধর্ষণের অভিযোগে তাদের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে দেড় লক্ষ টাকা করে অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভিন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় তিন আসামি আদালতে উপস্থিত ছিলেন; একজন আসামি পলাতক।
দণ্ডপ্রাপ্ত আসামিরা
ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুর গ্রামের —
জাহাঙ্গীর বেপারী (৩৭, পলাতক)
কামরুল মৃধা (৩৭)
আলী বেপারী (৪২)
বক্কার বেপারী (৬৭)
এছাড়া আলামত নষ্টের দায়ে মমতাজ বেগম ও আবুল কালাম বেপারী নামের দুইজনকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ছয় মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
ঘটনার বিবরণ
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১২ সালের ১ অক্টোবর রাতে সদরপুর উপজেলার চর দড়িকৃষ্ণপুর এলাকায় ওই নারীর বড় বোনের স্বামী জাহাঙ্গীর বেপারী কয়েকজন সহযোগীকে নিয়ে শ্বশুরবাড়ি যায়। অসুস্থ বোনের খোঁজ নেওয়ার কথা বলে দরজা খুলতে বললে, সরল মনে দরজা খোলে ভুক্তভোগী নারী। এরপর আসামিরা তাকে দলবেঁধে ধর্ষণ করে হত্যা করে।
পরে তারা ঘটনাটি আড়াল করতে লাশ গোপনে কবর দেয়।
ঘটনায় নিহতের মা সন্দেহ প্রকাশ করে আদালতে ধর্ষণ ও হত্যার মামলা দায়ের করেন। তদন্ত শেষে অভিযোগ প্রমাণিত হলে আজ রায় ঘোষণা করা হয়।
রাষ্ট্রপক্ষের প্রতিক্রিয়া
রায়ের বিষয়ে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট গোলাম রব্বানী ভুঁইয়া রতন বলেন,
> “এক নারীকে ধর্ষণ শেষে হত্যার অভিযোগে চার আসামির আমৃত্যু কারাদণ্ডের রায় দিয়েছেন আদালত। আমরা এই রায়ে ন্যায়বিচার পেয়েছি, রাষ্ট্রপক্ষ এই রায়ে সন্তুষ্ট।”
নিরঞ্জন মিত্র (নিরু),
ফরিদপুর জেলা প্রতিনিধি:
আপনার মতামত লিখুন :