গৌরীপুরে স্বামীর হত্যা মামলার প্রত্যাহার না করলে স্ত্রীকে ধর্ষণ ও হত্যার হুমকির অভিযোগ
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহের গৌরীপুরে স্বামীর মৃত্যুর তদন্তে সিআইডি আসার আগে এক নারীকে অকথ্য ভাষায় গালিগালাজ, ধর্ষণ ও হত্যার পর লাশ গুমের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ছাত্রদল নেতা তানভীরসহ ছয়জনের বিরুদ্ধে। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে গৌরীপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী নারী শাহিদা আক্তার (৩৪)।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৪ অক্টোবর বুধবার দুপুর আনুমানিক ২টার দিকে গৌরীপুর উপজেলার ৮ নং ডৌহাখলা ইউনিয়নের কলতাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। অভিযোগকারী শাহিদা আক্তার ওই এলাকার বাসিন্দা এবং মৃত রুকুনজ্জামান খান চপলের স্ত্রী।
লিখিত অভিযোগে শাহিদা আক্তার উল্লেখ করেন, তাঁর স্বামীর মৃত্যুর ঘটনা তদন্ত করতে সিআইডির সদস্যরা তাঁদের বাড়িতে আসার কথা ছিল। এর আগে তিনি স্বামীর বাড়িতে গেলে প্রতিবেশী ছাত্রদল নেতা তানভীরসহ ছয়জন তাঁকে অকথ্য ও অশ্লীল ভাষায় গালিগালাজ করেন বলে অভিযোগ করেন তিনি।
অভিযোগে আরও বলা হয়, গালিগালাজ করতে নিষেধ করলে অভিযুক্তরা সিআইডির সদস্য, সাংবাদিক ও সাক্ষীদের উপস্থিতিতে তাঁকে হুমকি দেন। এ সময় ১ নং অভিযুক্ত তানভীর তাঁকে ধর্ষণ, হত্যা এবং হত্যার পর লাশ গুম করার হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
শাহিদা আক্তারের দাবি, ঘটনাস্থল থেকে চলে যাওয়ার সময়ও ওই অভিযুক্ত তাঁকে সুযোগ পেলে হত্যা করে লাশ গুম করার হুমকি দেন। এতে তিনি নিজের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন। এমনকি নিরাপত্তাহীনতার কারণে স্বামীর বাড়িতে সন্তানদের নিয়ে প্রবেশ করতেও ভয় পাচ্ছেন বলে অভিযোগে উল্লেখ করেন তিনি।
অভিযোগে অভিযুক্ত অন্য ব্যক্তিরা হলেন—আব্দুল গনি (৫০), সিরাজুল ইসলাম (৬০), হিমেল (২৮), নাজিম উদ্দিন খান (৬৫) ও বিপ্লব খান (৪৫)। তাঁদের সবার বাড়ি গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নের কলতাপাড়া এলাকায় বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগী নারী জানান, ঘটনার পর বিষয়টি পরিবারের সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের অবহিত করে তিনি গৌরীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন তিনি।
তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য, পাওয়া যায়নি, এই বিষয়ে পুলিশ অভিযোগের সঠিক তদন্ত করে সত্যতা পাওয়া গেলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আপনার মতামত লিখুন :