সিলেট প্রতিনিধি :
সিলেট সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)-তে দীর্ঘ প্রায় ২০ বছর ধরে কর্মরত ড্রাইভার কাজি বিল্লাল হোসেনের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে তাকে বদলির দাবিতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর কাছে স্বারকলিপি প্রদান করা হয়েছে।
সোমবার (৮ জুন) সকাল ১১টায় সামাজিক সংগঠন সিলেট নাগরিক অধিকার পরিষদ-এর সদস্যরা সিলেট জেলা প্রশাসকের মাধ্যমে এ স্বারকলিপি প্রেরণ করেন।
স্বারকলিপিতে উল্লেখ করা হয়, প্রবাসী অধ্যুষিত সিলেট অঞ্চলে বেকারত্ব দূরীকরণে বাংলাদেশ কারিগরি শিক্ষা ও বিশেষ করে সিলেট সরকারি টিটিসির ভূমিকা গুরুত্বপূর্ণ। তবে কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীর কারণে প্রতিষ্ঠানটির ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে বলেও অভিযোগ করা হয়।
সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়, ড্রাইভার কাজি বিল্লাল হোসেন ২০০৬ সালের নভেম্বর থেকে একই প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন এবং বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে স্থানীয় প্রভাবশালী মহলের সুপারিশে দীর্ঘদিন পদে বহাল ছিলেন। দীর্ঘ সময় একই প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করায় তিনি নানা অনিয়ম, স্থানীয়দের সঙ্গে দুর্ব্যবহার এবং বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত বলে অভিযোগে উল্লেখ করা হয়।
এছাড়া, তার বিরুদ্ধে সিলেট টিটিসিকে কেন্দ্র করে একটি প্রভাবশালী সিন্ডিকেট গড়ে তোলা, ভর্তি বাণিজ্যসহ বিভিন্ন খাতে প্রভাব বিস্তার এবং নামে-বেনামে সম্পদ গড়ার অভিযোগও তোলা হয়। একই প্রতিষ্ঠানে তার স্ত্রীও কর্মরত রয়েছেন বলে স্বারকলিপিতে উল্লেখ করা হয়েছে।
আরও অভিযোগ করা হয়, গত ২৩ ডিসেম্বর ২০২৫ সালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দেওয়া হলে চলতি বছরের এপ্রিল মাসে একটি তদন্ত টিম সিলেট টিটিসি পরিদর্শনে আসে। তবে তদন্ত প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুলে স্বারকলিপিতে পক্ষপাতমূলক তদন্তের অভিযোগ আনা হয়েছে।
সিলেট নাগরিক অধিকার পরিষদের সাধারণ সম্পাদক জুবায়ের আহমদের পক্ষ থেকে প্রেরিত স্বারকলিপিতে ড্রাইভার কাজি বিল্লাল হোসেনকে সিলেট টিটিসি থেকে দ্রুত বদলির দাবি জানানো হয়। তবে এ বিষয়ে অভিযুক্ত কাজি বিল্লাল হোসেনের বক্তব্য পাওয়া যায়নি।
আপনার মতামত লিখুন :