ইনকিয়াদ আহম্মেদ রাফিন,ঝিকরগাছা (যশোর) :
বাড়ির আঙিনাসহ পরিত্যক্ত স্থানে বৃক্ষরোপণের পাশাপাশি জলবায়ু সহিষ্ণু কৃষি আবাদের ওপর গুরুত্বারোপ করে সংরক্ষিত নারী সংসদ সদস্য সাবিরা সুলতানা মুন্নি বলেছেন, পরিবেশ, প্রকৃতি, জীব ও বৈচিত্র্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। আধুনিক ও লাগসই কৃষি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমেই কেবল ফসলের উৎপাদন বহুলাংশে বাড়িয়ে তোলা সম্ভব।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ‘ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক এম. সাইফুল্লাহ। 'কৃষিই সমৃদ্ধি' প্রতিপাদ্যকে সামনে রেখে ২০২৫-২৬ অর্থবছরে ‘ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট (সিএসএডব্লিউএম)’ প্রকল্পের আওতায় এই তিন দিনব্যাপী মেলার আয়োজন করা হয়।
এবারের মেলায় জলবায়ু পরিবর্তন ও ক্লাইমেট স্মার্ট প্রযুক্তি, আধুনিক কৃষি যন্ত্র ও পণ্য, রাইস ট্রান্সপ্লান্টার, ফুল ও ফুলের বাই-প্রোডাক্ট, মোবাইল অ্যাপস শেয়ারিং, ঝিকরগাছা উপজেলার কৃষিভিত্তিক মানচিত্র, জৈব বালাইনাশক, উচ্চমূল্যের নিরাপদ সবজি ও ফল, আধুনিক সেচ ব্যবস্থাপনা, বসতবাড়ির আঙিনায় পুষ্টিবাগান স্থাপন এবং ক্লাইমেট স্মার্ট স্কুল ও ক্লাব প্রদর্শিত হয়। বৈরী আবহাওয়ার কারণে মেলার উদ্বোধনী আলোচনা সভাটি পরবর্তীতে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়।
হলরুমে অনুষ্ঠিত পৃথক আলোচনা সভায় প্রধান অতিথি সাবিরা সুলতানা মুন্নি সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানি ও বিভ্রান্তিমূলক অপপ্রচারের বিরুদ্ধে সকলকে সতর্ক থাকার আহ্বান জানান। তিনি বলেন, একটি মহল দেশের ও সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত রয়েছে, তাদের ব্যাপারে সচেতন থাকতে হবে। এছাড়া তিনি অনলাইন জুয়া, মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহের বিরুদ্ধে কঠোর সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর বিশেষ জোর দেন।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত কৃষি সম্প্রসারণ অফিসার ফিরোজ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জের প্রতিনিধি ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ইদ্রিস আলী, ঝিকরগাছা প্রেস ক্লাবের সভাপতি মো. রফিকুল ইসলাম এবং সফল কৃষক আশরাফুল আলম রিপন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী সাইফুল ইসলাম মোল্লা, সমাজসেবা অফিসার মো. অহিদুল ইসলাম, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ, উদ্যোক্তা কৃষক এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা
আপনার মতামত লিখুন :