নাগরপুরে পূজামণ্ডপ পরিদর্শনে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আবুল হোসেন
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ২১ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সহবতপুর ইউনিয়নে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী, সহবতপুর ইউনিয়ন বিএনপির নেতা ও সাবেক চেয়ারম্যান মোঃ আবুল হোসেন।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল থেকে রাত পর্যন্ত যুবদল, ছাত্রদলসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে তিনি ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় মণ্ডপে উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন।
পূজামণ্ডপ পরিদর্শনকালে মোঃ আবুল হোসেন বলেন, “ধর্ম যার যার, নিরাপত্তা সবার।” সনাতন ধর্মাবলম্বীরা যেন নির্বিঘ্নে, নিরাপদে ও আনন্দঘন পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদ্যাপন করতে পারেন, সে জন্য তিনি বিভিন্ন মণ্ডপে গিয়ে তাঁদের খোঁজখবর নেন। পাশাপাশি কোথাও কোনো সমস্যা বা অপ্রীতিকর পরিস্থিতির আশঙ্কা দেখা দিলে তাৎক্ষণিকভাবে তাঁকে জানানোর অনুরোধ করেন।
তিনি আরও বলেন, কোনো অপশক্তি যেন ধর্মীয় উৎসবের আনন্দ ও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। সনাতন ধর্মাবলম্বীদের সুখে-দুঃখে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে তিনি তাঁদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা এবং টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য রবিউল আউয়াল লাভলুর সংশ্লিষ্ট নির্দেশনার কথা উল্লেখ করে সনাতন ধর্মাবলম্বীদের সার্বিক খোঁজখবর নেওয়ার বিষয়টি জানান।
আসন্ন সহবতপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মোঃ আবুল হোসেন উপস্থিত সবার কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করেন।
আপনার মতামত লিখুন :