বগা ফেরিঘাটে বাসের ঝুঁকিপূর্ণ পারাপার: ছবি ভাইরাল
__________________________________
রাজবাড়ীর দৌলতদিয়ায় পদ্মা নদীতে ভয়াবহ বাসডুবির রেশ কাটতে না কাটতেই পটুয়াখালীর বাউফলের বগা ফেরিঘাটে এক অত্যন্ত ঝুঁকিপূর্ণ পারাপারের চিত্র সামনে এসেছে। সাকুরা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের পেছনের অংশ ফেরির বাইরে বিপজ্জনকভাবে ঝুলে থাকার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে।
শনিবার (২৮ মার্চ) পটুয়াখালীর একটি স্থানীয় ফেসবুক গ্রুপে ভাইরাল হওয়া ওই ছবিতে দেখা যায়, সাকুরা পরিবহনের একটি বাসের প্রায় এক-তৃতীয়াংশ ফেরির পন্টুনের বাইরে শূন্যে অবস্থান করছে। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, এই চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় বাসের ভেতরে যাত্রীরা অবস্থান করছিলেন। সামান্য ভারসাম্যহীনতা বা ফেরির ঝাকুনিতে বাসটি নদীতে পড়ে বড় ধরনের প্রাণহানির শঙ্কা ছিল।
ফেসবুক পোস্টের ক্যাপশনে সতর্কবার্তা দিয়ে বলা হয়েছে, ‘বগা ফেরিঘাটে ফেরিতে বাস উঠছে, এতটা রিস্ক নেওয়ার কী দরকার? দৌলতদিয়ার ঘটনা থেকে আমাদের অনেক কিছু শেখা দরকার ছিল।’
সামাজিক মাধ্যমে এই ছবি ছড়িয়ে পড়ার পর সাধারণ মানুষের মাঝে সমালোচনার ঝড় উঠেছে। আল আমিন নামের একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, “একটা বড় দুর্ঘটনা থেকেও মানুষ শিক্ষা নিতে পারছে না। কয়েকদিন আগেই কতগুলো তাজা প্রাণ ঝরে গেল, অথচ আমাদের কাছে জীবনের চেয়ে সময়ের মূল্য বেশি হয়ে দাঁড়িয়েছে।”
পরিবহন কর্তৃপক্ষের উদাসীনতাকে দায়ী করে মৃদুল নামের আরেকজন লিখেছেন, “যাত্রীদের সেবার চেয়ে মুনাফাকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। জীবনের ঝুঁকি নিয়ে এভাবে পারাপার কোনোভাবেই কাম্য নয়।”
উল্লেখ্য, গত বুধবার (২৫ মার্চ) বিকেলে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে কুষ্টিয়া থেকে ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের একটি বাস ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে তলিয়ে যায়। মর্মান্তিক সেই দুর্ঘটনায় এখন পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দেশজুড়ে এমন শোকাবহ পরিস্থিতির মাত্র তিন দিনের মাথায় বগা ফেরিঘাটের এই চিত্র জনমনে ফেরিঘাটের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে।
স্থানীয় সচেতন মহল অবিলম্বে ফেরিঘাটে লোডিং-আনলোডিংয়ের সময় কঠোর তদারকি এবং চালকদের খামখেয়ালিপনা বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন।
তথ্যসূত্র: সাকিব হোসেন, পটুয়াখালী জেলা প্রতিনিধি।
আপনার মতামত লিখুন :