ইসির প্রতীক তালিকায় যুক্ত হলো “শাপলা কলি”


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

ইসির প্রতীক তালিকায় যুক্ত হলো “শাপলা কলি”
_______________________________



নির্বাচন কমিশনের (ইসি) সর্বশেষ সিদ্ধান্তে রাজনৈতিক দলগুলোর নির্বাচনী প্রতীক তালিকায় নতুন প্রতীক “শাপলা কলি” যুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ইসি সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত গেজেটে এ সংযোজনের বিষয়টি জানানো হয়।

গেজেট অনুসারে, “বাংলাদেশ গেজেট”–এর অতিরিক্ত সংখ্যায় প্রকাশিত এস.আর.ও. নং ৪৩১/আইন/২০২৫ অনুযায়ী, নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮ সংশোধন করে প্রতীক তালিকায় নতুন এ প্রতীকটি যোগ করা হয়েছে।

এর আগে একাধিকবার ইসির সঙ্গে বৈঠক করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) “শাপলা” প্রতীক বরাদ্দের দাবি জানায়। দলটির পক্ষ থেকে জানানো হয়েছিল, শাপলা প্রতীক না পেলে তারা নিবন্ধন নেবে না। অবশেষে তাদের দাবির পরিপ্রেক্ষিতেই নতুন করে “শাপলা কলি” যুক্ত করা হয়েছে প্রতীক তালিকায়।

সংশোধিত তালিকায় এখন মোট ১২৯টি প্রতীক রয়েছে। নতুন সংযোজন “শাপলা কলি” ১০২ নম্বরে অন্তর্ভুক্ত হয়েছে, যা আগামী নির্বাচন থেকে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর জন্য বরাদ্দযোগ্য হবে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্থগিত প্রতীক ছাড়া অন্য সব প্রতীক প্রার্থীদের প্রাপ্যতা অনুযায়ী বরাদ্দ দেওয়া যাবে। তালিকায় রয়েছে জনপ্রিয় প্রতীক—নৌকা, ধানের শীষ, রেল ইঞ্জিন, ঘোড়া, বাইসাইকেল, হাতি, টেলিভিশন, আপেল, সূর্যমুখী, একতারা ইত্যাদি।

এছাড়া, ২৪ সেপ্টেম্বর ২০২৫ তারিখে জারি করা পূর্বের এস.আর.ও. নং ৩৮১-আইন/২০২৫ বাতিল করে এই নতুন সংশোধিত তালিকাটি কার্যকর করা হয়েছে।

ইসি সচিবালয়ের এক সিনিয়র কর্মকর্তা জানান, প্রতীক তালিকা হালনাগাদ করা হয়েছে আধুনিক নির্বাচনী পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রাখার জন্য এবং নিবন্ধিত দলগুলোর অনুরোধ বিবেচনায় রেখেই এই পরিবর্তন আনা হয়েছে।


শেখ শহিদুল ইসলাম মিঠু, 
বিশেষ প্রতিনিধি


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ