মো: জামাল উদ্দিন,কক্সবাজার প্রতিনিধি:
চট্টগ্রামের সীতাকুণ্ডে মিয়ানমারে পাচারকালে ৭০০ বস্তা ইউরিয়া সারসহ দুই পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় পাচারকাজে ব্যবহৃত তিনটি ট্রাকও জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ১টার দিকে সীতাকুণ্ড থানাধীন বাঁশবাড়িয়া ঘাটসংলগ্ন এলাকায় কোস্ট গার্ড স্টেশন ভাটিয়ারীর একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে ট্রাক থেকে কার্গো বোটে ইউরিয়া সার স্থানান্তরের সময় আনুমানিক ২৪ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৭০০ বস্তা (৩৫ হাজার কেজি) অবৈধ ইউরিয়া সার জব্দ করা হয়। একই সঙ্গে চোরাচালানের সাথে জড়িত দুই পাচারকারীকে আটক এবং তাদের ব্যবহৃত তিনটি ট্রাক জব্দ করা হয়।
কোস্ট গার্ড আরও জানায়, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে এই চক্রের সাথে জড়িত থাকতে পারে। জব্দকৃত সার, ট্রাক ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।
দেশের অর্থনীতি রক্ষায় এবং অবৈধ চোরাচালান রোধে বাংলাদেশ কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়।
আপনার মতামত লিখুন :