পুলিশের অনুরোধে তেজগাঁও সড়ক অবরোধ তুলে নিলো শ্রমিকরা
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ২৩ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
মাহমুদ ইয়াসিন,
বিশেষ প্রতিনিধি
পুলিশ ও কারখানা কর্তৃপক্ষের আশ্বাসে অবরোধ তুলে নিয়েছেন রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে বিক্ষোভরত পশ গার্মেন্টস শ্রমিকরা। শনিবার (২৩ আগস্ট) দুপুর ২টার দিকে তারা অবরোধ তুলে নেন।
এর আগে বিনা নোটিশে গার্মেন্টস বন্ধ করার প্রতিবাদে সকাল ১০টার দিকে তেজগাঁও তিব্বত মোড়ে নাবিস্কো-বনানী সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পশ গার্মেন্টস শ্রমিকরা। এতে ওই সড়ক দিয়ে সবধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম হোসেন বলেন, ‘পশ’ নামে একটি গার্মেন্টস কারখানা কোনো ধরনের আগাম নোটিশ ছাড়াই গত বৃহস্পতিবার বন্ধ করে দেওয়া হয়। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে শ্রমিকরা শনিবার সকালে তিব্বত মোড়ে জড়ো হয়ে রাস্তা অবরোধ করেন।
শ্রমিকদের দাবি- কারখানা বন্ধের ক্ষেত্রে যথাযথ নিয়ম মেনে সিদ্ধান্ত নিতে হবে অথবা বন্ধ করা গার্মেন্টস পুনরায় খুলে দিতে হবে। দাবি না মানা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।
জানা গেছে, দুপুরের দিকে কারখানা কর্তৃপক্ষ ও পুলিশ-প্রশাসনের আশ্বাসে শ্রমিকরা অবরোধ তুলে নেন। আগামীকাল রবিবার বিকাল ৩টার দিকে বিক্ষুব্ধ শ্রমিকদের সঙ্গে যৌথভাবে আলোচনায় বসবে গার্মেন্টস কারখানা কর্তৃপক্ষ, পুলিশ ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
আপনার মতামত লিখুন :