যাদুকাটা বালুমহাল-১ এর সীমানা নির্ধারণ করল তাহিরপুর উপজেলা প্রশাসন
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ০৩ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
সুনামগঞ্জ প্রতিনিধি শফিকুল বারী।
দীর্ঘদিনের জটিলতা ও স্থানীয়দের আপত্তির অবসান ঘটিয়ে অবশেষে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী যাদুকাটা নদীর বালুমহাল-১ এর সীমানা নির্ধারণ করে দিয়েছে উপজেলা প্রশাসন। এর ফলে নদীটিতে পুনরায় নিয়ম মেনে বালু উত্তোলনের পথ সুগম হলো বলে জানিয়েছেন নদী তীরবর্তী গ্রামের শ্রমিক ও সংশ্লিষ্ট অংশীজনরা।
বুধবার (৩ জুন) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরুখ হাসান শান্তনুর নেতৃত্বে প্রশাসনের একটি বিশেষ দল লাউড়েরগড় সীমান্ত এলাকায় সরেজমিন পরিদর্শন করেন। পরিদর্শন শেষে ইজারাদারদের জন্য বালু উত্তোলনযোগ্য নির্দিষ্ট স্থান লাল পতাকা ও খুঁটি গেঁড়ে চিহ্নিত করে দেওয়া হয়।
সীমানা নির্ধারণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন— সুনামগঞ্জ ২৮ বিজিবির লাউড়েরগড় ফাঁড়ির কোম্পানি কমান্ডার প্রদীপ চক্রবতী, উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার আব্দুল্লাহ আল মামুন এবং তাহিরপুর থানা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এছাড়া যাদুকাটা বালুমহাল-১ ও যাদুকাটা বালুমহাল-২ এর ইজারাদারগণের পক্ষের প্রতিনিধি এবং স্থানীয় সাংবাদিকরা সেখানে উপস্থিত ছিলেন।
প্রশাসনের এই সময়োপযোগী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় পরিবেশকর্মী ও নদীপারের বাসিন্দারা। তারা জানান, ইজারাকৃত জায়গা নির্দিষ্ট ও চিহ্নিত করে দেওয়ায় ইজারাদাররা আর ইচ্ছেমতো নদীর পাড় কেটে পরিবেশের ক্ষতি করতে পারবেন না।
সরকারি নিয়ম মেনে বালু উত্তোলন করা হলে নদী ও পাশের হাওরাঞ্চলের দীর্ঘমেয়াদি ক্ষতি কমবে এবং পরিবেশের ভারসাম্য বজায় থাকবে।
এ বিষয়ে যাদুকাটা-১ বালুমহালের ইজারাদার মো. নাসির মিয়া সন্তোষ প্রকাশ করে বলেন, উপজেলা প্রশাসন সীমানা চূড়ান্ত করে দেওয়ায় আমরা বড় স্বস্তিতে আছি। সীমানা জটিলতার কারণে গত কয়েকদিন ধরে শ্রমিকদের মধ্যে এক ধরনের অনিশ্চয়তা ছিল, কাজও বন্ধ রাখতে হয়েছিল। এখন আমরা সম্পূর্ণ নিয়ম মেনে সরকার নির্ধারিত স্থান থেকেই বালু উত্তোলন করতে পারব।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান মানিক গণমাধ্যমকে জানান, সরকারি নীতিমালা অনুযায়ী নির্ধারিত স্থান ছাড়া অন্য কোথাও বালু উত্তোলন করার কোনো সুযোগ নেই। তিনি বলেন, আজ মাঠ পর্যায়ে সরেজমিন পরিদর্শন করে আমরা ইজারা দেওয়া মহালের সীমানা চূড়ান্ত করে দিয়েছি। এই সীমানার বাইরে গিয়ে কেউ বালু উত্তোলন করলে বা নদীর পাড় কাটার চেষ্টা করলে আইনগত কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :