স্টাফ রিপোর্টার, গাজীপুর:
"তুই মরলেও ছুটি নাই!"—সুপারভাইজারের এমন নির্মম মন্তব্যের পরই যেন থমকে গেল এক শ্রমিকের জীবন। গাজীপুরের শ্রীপুরে অবস্থিত 'কালার অ্যান্ড কো লিমিটেড' কারখানায় রাতের শিফটে কর্মরত অবস্থায় এক শ্রমিকের মৃত্যুর ঘটনায় উত্তাল হয়ে উঠেছে পুরো কারখানা এলাকা।
নিহত ওই শ্রমিকের সহকর্মীদের অভিযোগ, তিনি শারীরিকভাবে অসুস্থ থাকায় কারখানার কর্তৃপক্ষের কাছে ছুটির আবেদন করেছিলেন। কিন্তু কর্তৃপক্ষ সেই আবেদন নাকচ করে তাকে রাতের ডিউটিতে কাজ করতে বাধ্য করে। কাজ করার এক পর্যায়ে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সহকর্মীদের দাবি, সময়মতো ছুটি পেলে হয়তো এই মর্মান্তিক মৃত্যু এড়ানো যেত। এই অবহেলার বিচার ও শ্রমিকের পরিবারের জন্য যথাযথ ক্ষতিপূরণের দাবিতে কারখানার সামনে বিক্ষোভ শুরু করেছেন সাধারণ শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত হয়েছেন।
শ্রমিক নেতারা এই ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে নিরপেক্ষ তদন্ত এবং দায়িত্ব অবহেলার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন।
তবে এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
আপনার মতামত লিখুন :