খ ম জুলফিকার, মৌলভীবাজার প্রতিনিধি:
দেশব্যাপী ক্রমবর্ধমান ধর্ষণ ও নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং শিশু রামিসা হত্যার দ্রুত বিচারের দাবিতে মৌলভীবাজারে বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ২৪ মে ২০২৬ (সোমবার) দুপুর ১:৩০ ঘটিকায় মৌলভীবাজার চৌমুহনা চত্বরে জাতীয় মানবাধিকার সোসাইটি মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
জাতীয় মানবাধিকার সোসাইটি মৌলভীবাজার জেলা শাখার সভাপতি ড. অ্যাডভোকেট আবু তাহের-এর সভাপতিত্বে এবং খিজির মুহাম্মদ জুলফিকারের সঞ্চালনায় মানববন্ধনে বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধিরা সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন:
সভাপতির বক্তব্যে ড. অ্যাডভোকেট আবু তাহের দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন—
"অনূঢ়া শিশু রামিসার ওপর যে নারকীয় পৈশাচিক নির্যাতন ও পরবর্তীতে হত্যাকাণ্ড চালানো হয়েছে, তাতে আজ গোটা দেশ স্তব্ধ। এই নৃশংস ঘটনা দেশের প্রতিটি বিবেকবান মানুষের হৃদয়কে নাড়া দিয়েছে।"
তিনি বিচারহীনতার সংস্কৃতির সমালোচনা করে আরও বলেন—
"যদি এই ধরনের নৃশংস নির্যাতন ও হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন হতে ১০ বছর লেগে যায়, তবে সাধারণ মানুষের কাছে সেই বিচারের কোনো কার্যকারিতা থাকে না। তাই কোনো ধরনের কালবিলম্ব না করে দ্রুততম সময়ের মধ্যে রামিসা হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে এবং দেশের প্রতিটি শিশুর নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনকে কঠোর পদক্ষেপ নিতে হবে।"
মানববন্ধনে বক্তারা দেশব্যাপী নারী ও শিশু নির্যাতন বন্ধে এবং অপরাধীদের দ্রুত ট্রাইব্যুনালের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। উক্ত প্রতিবাদ কর্মসূচিতে স্থানীয় গণমাধ্যমকর্মী, মানবাধিকারকর্মী এবং সর্বস্তরের সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :