নিরাপদ খুলনা চাই: ফুলতলা উপজেলা কমিটির উদ্যোগে জামিরা বাজারে মতবিনিময় সভা অনুষ্ঠিত


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ০৩ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:


মোঃ শহিদুল ইসলাম, খুলনা:

'নিরাপদ খুলনা চাই'-এর ফুলতলা উপজেলা কমিটির উদ্যোগে জামিরা বাজারে এলাকার গণ্যমান্য ও সম্মানীয় ব্যক্তিদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সংগঠনের মূল লক্ষ্য, উদ্দেশ্য এবং বিভিন্ন সামাজিক ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।


​সভায় সভাপতিত্ব করেন ফুলতলা উপজেলা আহ্বায়ক মোঃ আহসানুল হক লন্ডন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের খুলনা জেলা আহ্বায়ক মিয়া বদরুল আলম।


​যুগ্ম-আহবায়ক মোঃ সিরাজুল ইসলাম নান্টুর সঞ্চালনায় সভায় বিশেষ বক্তা ও আলোচক হিসেবে বক্তব্য রাখেন সদস্য সচিব মোঃ রেজোয়ান আকুঞ্জী রাজা, সদস্য শেখ শহিদুল ইসলাম মিঠু, এবং সদস্য গাজী নাসির উদ্দিন। এ সময় জামিরা বাজারের বিশিষ্ট ব্যক্তিবর্গসহ স্থানীয় গণ্যমান্যরা উপস্থিত ছিলেন।

​সভায় উত্থাপিত ও আলোচিত প্রধান দাবিগুলো:


  • দুর্নীতিমুক্ত প্রশাসন: সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস, আদালত এবং হাসপাতাল-ক্লিনিকসহ সর্বপ্রকার দুর্নীতি ও ঘুষ বাণিজ্য বন্ধ করা। অনিয়ম রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তত্ত্বাবধানে একটি শক্তিশালী মনিটরিং সেল গঠনের দাবি জানানো হয়।

  • সামাজিক অপরাধ প্রতিরোধ: খুন, ধর্ষণ, মাদক, চাঁদাবাজি, অবৈধ দখলদারিত্ব এবং সকল অন্যায়ের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলা। দুর্বৃত্তদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করা।

  • যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা: হাইওয়ে, বাইপাস সড়ক এবং নগরীর ব্যস্ততম এলাকাগুলোতে বেপরোয়া ড্রাম ট্রাক চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ করা। এছাড়া ইজিবাইক ও অটোরিকশার কারণে সৃষ্ট যানজট নিরসনে ট্রাফিক প্রশাসনের সাথে সমন্বয় করে একটি শক্তিশালী টাস্কফোর্স গঠনের দাবি জানানো হয়।

  • কিশোর গ্যাং দমন: উদীয়মান সন্ত্রাসী কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য ও সহিংসতা কঠোরহস্তে দমন করতে প্রতিটি ওয়ার্ড পর্যায়ে জনসচেতনতামূলক কার্যক্রম গড়ে তোলার ওপর বিশেষ জোর দেওয়া হয়।

​বক্তারা বলেন, একটি নিরাপদ, শান্তিময় ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে এবং জনস্বার্থের এসব দাবি বাস্তবায়নে সামাজিক আন্দোলন আরও বেগবান করা হবে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ