নালিতাবাড়ীতে আকস্মিক টর্নেডোর তাণ্ডব, গাছ চাপায় বৃদ্ধার মৃত্যু


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ২৩ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:


মো. মামুন হোসেন,শেরপুর :
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় আকস্মিক টর্নেডোর আঘাতে গাছ চাপা পড়ে বেগম (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শনিবার সকাল পৌনে ৯টার দিকে উপজেলার নন্নী পশ্চিম পাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মাত্র দেড় থেকে দুই মিনিটের এই টর্নেডোতে উপজেলার বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

স্থানীয় সূত্র ও প্রশাসন জানায়, শনিবার সকাল থেকেই এলাকায় ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টিপাত চলছিল। সকাল আনুমানিক পৌনে ৯টার দিকে হঠাৎ করেই নালিতাবাড়ীর ওপর দিয়ে তীব্র গতিতে একটি টর্নেডো বয়ে যায়। এ সময় নন্নী পশ্চিম পাড়া গ্রামের একটি বড় গাছ উপড়ে একটি ঘরের ওপর পড়ে। এতে ঘরের ভেতরে থাকা বৃদ্ধা বেগম গাছের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন।

টর্নেডোটি উপজেলার যোগানিয়া, নন্নী পশ্চিম পাড়া, নন্নী উত্তরবন্দ, ছাইচাকুড়া ও হাতিপাগারসহ বেশ কয়েকটি গ্রামের ওপর দিয়ে বয়ে যায়। ঝড়ের তাণ্ডবে অন্তত ৫০টি কাঁচা ও টিনশেড ঘরের চাল উড়ে গেছে। উপড়ে পড়েছে শত শত গাছপালা। এছাড়া বৈদ্যুতিক খুঁটি ভেঙে ও তার ছিঁড়ে পুরো এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
নন্নী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান একেএম মাহবুবুর রহমান রিটন জানান, বৃষ্টির সময় তিনি ঘরে অবস্থান করছিলেন। হঠাৎ করেই তীব্র টর্নেডো আঘাত হানে। বাতাসের তীব্রতা এতটাই বেশি ছিল যে, তার পাকা বাড়িটিও উড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল। ঝড় থেমে যাওয়ার পর বাইরে বের হয়ে তিনি আশপাশের বহু কাঁচা ঘরের টিনের চাল উড়ে যেতে এবং গাছপালা উপড়ে পড়ে থাকতে দেখেন।

স্থানীয় প্রশাসন ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সহায়তায় কাজ শুরু করেছে বলে জানা গেছে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ