হুমায়ুন কবির, বিশেষ, নান্দাইল (ময়মনসিংহ):
"জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ"— এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের নান্দাইলে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হয়েছে ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলা-২০২৬।
আজ মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলা ভূমি অফিসের আয়োজনে 'মায়াবন' প্রাঙ্গণে ফিতা কেটে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতেমা জান্নাত। আগামী ২১ মে পর্যন্ত প্রতিদিন এই মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
মেলা উদ্বোধন শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মেলা প্রাঙ্গণে এসে শেষ হয়। এরপর আমন্ত্রিত অতিথিবৃন্দ মেলায় অংশ নেওয়া বিভিন্ন তথ্য ও সেবাধর্মী স্টলগুলো ঘুরে দেখেন।
এবারের মেলার মূল আকর্ষণ হলো সরাসরি ও তাৎক্ষণিক সেবা। মেলায় আসা সাধারণ মানুষের ভূমি সংক্রান্ত বিভিন্ন জটিলতা, খতিয়ান ও আইনি প্রশ্নের সরাসরি উত্তর এবং পরামর্শ দিচ্ছেন—
নান্দাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাহ উদ্দিন মাহমুদ জানান, বর্তমান সরকারের ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতেই এই মেলার আয়োজন। এর মূল উদ্দেশ্য হলো:
১. জনগণের মধ্যে ভূমিসেবা ডিজিটালাইজেশন বা অনলাইন সেবা সম্পর্কে সচেতনতা বাড়ানো।
২. ঘরে বসেই কীভাবে অনলাইন ভূমি সেবা নেওয়া যায়, সে বিষয়ে সাধারণ মানুষকে হাতে-কলমে উৎসাহিত করা।
৩. ই-নামজারি এবং ভূমি উন্নয়ন কর সহজে আদায়ে শতভাগ সহযোগিতা করা।
৪. ভূমি ব্যবস্থাপনায় সম্পূর্ণ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভূমি সংক্রান্ত যেকোনো তথ্য, ই-নামজারি, হোল্ডিং ট্যাক্স বা সেবার জন্য নান্দাইলের সর্বসাধারণ এবং ভূমি মালিকদের মেলা প্রাঙ্গণে এসে সেবা গ্রহণের জন্য বিশেষভাবে আহ্বান জানানো হয়েছে।
আপনার মতামত লিখুন :