ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ভাড়া ৫০ টাকায় বহাল, ডিসির মানবিক সিদ্ধান্তে স্বস্তি সাধারণ মানুষের
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ২২ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
হাসান আহমেদ প্রান্ত,
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
ঢাকা-নারায়ণগঞ্জ রুটে পরিবহন ভাড়া ৫০ টাকা বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন।
গত ২০ আগস্ট (বুধবার) অনিবার্য কারণবশত বন্ধন ও উৎসব পরিবহনের ভাড়া ৫০ টাকা থেকে ৫৫ টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
তবে জেলা ম্যাজিস্ট্রেট ও যাত্রী ও পণ্য পরিবহন কমিটির চেয়ারম্যানের আদেশক্রমে সেই সিদ্ধান্ত আজ ২২ আগস্ট (শুক্রবার) স্থগিত করা হয়েছে। ফলে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বন্ধন ও উৎসব পরিবহনের ভাড়া পূর্বের ন্যায় ৫০ টাকাই বহাল থাকবে।
আজ শুক্রবার (২২ আগস্ট) সকাল ১১টায় এক বিবৃতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা সভাপতি মাওলানা মোহাম্মাদ দ্বীন ইসলাম এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, আলহামদুলিল্লাহ, নারায়ণগঞ্জের আমজনতার ভাষা বুঝতে পেরে ডিসি মহোদয় ভাড়া ৫০ টাকায় বহাল রেখেছেন। সত্যিই তিনি একজন জনবান্ধব প্রশাসক। আমরা এ সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। তার এ সিদ্ধান্ত সাধারণ মানুষের মাঝে স্বস্তি নিয়ে এসেছে।
তিনি আরও বলেন, ঢাকা-নারায়ণগঞ্জ রুটে উৎসব ও বন্ধন পরিবহনের ভাড়া ৫০ টাকা থেকে বাড়িয়ে ৫৫ টাকা করার সিদ্ধান্ত সম্পূর্ণ অযৌক্তিক ও গণস্বার্থবিরোধী ছিল। এতে সাধারণ মানুষ, বিশেষ করে শ্রমজীবী ও নিম্ন-মধ্যবিত্তরা চরম ভোগান্তিতে পড়ছিলেন। জেলা প্রশাসকের সময়োপযোগী হস্তক্ষেপে মানুষ আবার স্বস্তি ফিরে পেয়েছে।
ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত স্থগিত হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন সাধারণ যাত্রীরাও। তাদের মতে, প্রতিদিনের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে জীবনযাত্রা যেখানে কষ্টকর হয়ে উঠেছে, সেখানে ভাড়া বৃদ্ধি আরও চাপ সৃষ্টি করছিল। কিন্তু পূর্বের ভাড়া বহাল রাখায় তারা কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছেন।
নারায়ণগঞ্জের সচেতন মহলের অভিমত গণস্বার্থকে অগ্রাধিকার দিয়ে জেলা প্রশাসনের এই সিদ্ধান্ত একটি ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে।
আপনার মতামত লিখুন :