মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোল্লাহাটে পূর্ব শত্রুতার জেরে পলাশ (২৩) নামের এক যুবককে কুপিয়ে গুরুতর আহত করার খবর পাওয়া গেছে। রোববার (১২ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চুনখোলা ও গাংনী ইউনিয়নের সংযোগস্থল দারিয়ালা বাজার চৌরঙ্গী মোড়ে এই হামলার ঘটনা ঘটে।
আহত পলাশ গাংনী ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক বিল্লাল মোল্লার ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো পলাশ মোটরসাইকেলযোগে তার দোকান থেকে ভাত খেতে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে দারিয়ালা বাজার চৌরঙ্গী মোড়ে পৌঁছালে রুজু হালদারের দুই ছেলে হাসান হালদার ও হাসিব হালদার চলন্ত অবস্থায় তার মাথায় আঘাত করে। এতে তার কপালের উপরে মাথার মাঝ বরাবর গভীর ক্ষত সৃষ্টি হয়। আঘাতের তীব্রতায় পলাশ মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে জ্ঞান হারিয়ে ফেলেন। এ সময় অভিযুক্তরা তাকে এলোপাথাড়ি মারধর করতে থাকে।
পরে বাজারের ব্যবসায়ী ও পথচারীরা রক্তাক্ত অবস্থায় পলাশকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসালয়ে প্রাথমিক চিকিৎসা দেন। পরবর্তীতে পরিবারের সদস্যরা তাকে দ্রুত মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ভুক্তভোগীর অভিযোগ: আহত পলাশ জানান, আলোচিত দেলোয়ার হত্যা মামলার আসামিরা ওই মামলার বাদী (পলাশের চাচা)-দের সাথে মেলামেশা না করার জন্য তাকে দীর্ঘদিন ধরে হুমকি দিয়ে আসছিল। এরই জেরে আজ সকালে তার ওপর এই অতর্কিত হামলা চালানো হয়েছে।
পরিবারের দাবি: ভুক্তভোগী পরিবার অভিযোগ করে জানায়, পূর্ব শত্রুতার জেরে রুজু হালদারের হুকুমে তার দুই ছেলে পলাশকে হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র দিয়ে মাথায় আঘাত করেছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।
অভিযুক্তদের বক্তব্য: অভিযোগের বিষয়ে অভিযুক্তদের পিতা রুজু হালদার বলেন, "আমি সকাল থেকে ঘেরে ছিলাম। আমার ছেলেদের সাথে বিল্লাল মোল্লার ছেলের ঝামেলা হয়েছে বলে শুনেছি। তবে ঠিক কী কারণে এ ঘটনা ঘটেছে, তা আমি জানি না।"
পুলিশের বক্তব্য: এ বিষয়ে মোল্লাহাট থানার কর্তব্যরত উপ-পরিদর্শক জানান, ঘটনার বিষয়ে এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আপনার মতামত লিখুন :