দুমকিতে যুবদলের উদ্যোগে পীরতলা খাল পরিষ্কার অভিযান
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
দুমকিতে যুবদলের উদ্যোগে পীরতলা খাল পরিষ্কার অভিযান
___________________________
পরিবেশের ভারসাম্য রক্ষা ও স্থানীয় জনগণের দুর্ভোগ লাঘবে পটুয়াখালীর দুমকিতে পীরতলা খাল পরিষ্কার অভিযানে নেমেছে যুবদল। সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার (২৯ অক্টোবর) সকাল ১১টায় দুমকি একে হাইস্কুল এলাকা থেকে পীরতলা বাজার পর্যন্ত দীর্ঘ অংশজুড়ে এ কার্যক্রম পরিচালিত হয়।
অভিযানে উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. জসিম উদ্দিন হাওলাদার, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান দিপু, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক আহসান ফারুক, সাবেক সদস্য সচিব সালাউদ্দিন রিপন শরীফসহ স্থানীয় ব্যবসায়ী, ছাত্রদল নেতৃবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের কর্মীরা অংশ নেন।
স্বেচ্ছাশ্রমের মাধ্যমে অংশগ্রহণকারীরা খালের জমে থাকা কচুরিপানা, পলিথিন, প্লাস্টিক ও নানা ধরনের বর্জ্য অপসারণ করেন। এতে স্থানীয় বাসিন্দারাও স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে সহযোগিতা করেন।
সাবেক সদস্য সচিব রিপন শরীফ বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগে কাটা এই পীরতলা খাল অচল হতে দেওয়া যায় না। তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়েই আমরা এই পরিষ্কার অভিযান হাতে নিয়েছি, যা নিয়মিতভাবে চলবে।”
যুবদল নেতা সাইদুর রহমান খান বলেন, “রাজনীতি কেবল ক্ষমতার নয়, জনগণের কল্যাণেও কাজ করা উচিত। খাল পরিষ্কার উদ্যোগের মাধ্যমে আমরা পরিবেশ সচেতনতা বাড়াতে চাই এবং তরুণ সমাজকে সমাজসেবায় যুক্ত করতে চাই।”
স্থানীয় ব্যবসায়ী বশির উদ্দিন হাওলাদার বলেন, “খালটি পরিষ্কার থাকলে বাজার ও আশপাশের পরিবেশও সুন্দর থাকবে। যুবদলের এই উদ্যোগ প্রশংসনীয়।”
স্থানীয় বাসিন্দা নজরুল ইসলাম বলেন, “যুবদলের এমন উদ্যোগে খালটি তার পুরনো রূপ ফিরে পাবে বলে আমরা আশাবাদী।”
সংশ্লিষ্টদের মতে, নিয়মিতভাবে এমন পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত থাকলে দুমকি হবে একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য উপজেলা।
প্রতিবেদকঃসাকিব হোসেন, পটুয়াখালী
আপনার মতামত লিখুন :