মামুন হোসেন, নালিতাবাড়ী (শেরপুর):
শেরপুরের নালিতাবাড়ী পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডে মাদক সেবনে বাধা দেওয়ায় আপন দুই ভাইকে বাড়ি থেকে ডেকে নিয়ে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী দুই ভাই পেশায় ফ্রিজ মিস্ত্রি। তারা হলেন—নালিতাবাড়ী বাজারের সুপরিচিত প্রতিষ্ঠান 'বস টেইলার্স'-এর মালিকের বড় ছেলে সুমন আহমেদ (৪৪) এবং তাঁর ছোট ভাই সোহেল রানা (৩৫)।
অভিযোগ সূত্রে জানা যায়, স্থানীয় কিছু বখাটে মাদক সেবনকারী এলাকায় দীর্ঘদিন ধরে নানা অপকর্ম চালিয়ে আসছিল। ঘটনার দিন মাদক সেবনে বাধা দেওয়ায় ওই মাদকসেবীরা ক্ষিপ্ত হয়ে সংঘবদ্ধভাবে দুই ভাইকে বাড়ি থেকে ডেকে নিয়ে রাস্তার পাশে অতর্কিত হামলা চালায়। এতে তাঁরা গুরুতর আহত হন।
পরবর্তীতে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে প্রথমে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
খবর পেয়ে নালিতাবাড়ী থানা পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় আহতদের মায়ের পক্ষ থেকে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
আপনার মতামত লিখুন :