বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা: ৬৫ বছর বয়সে জীবনের প্রথম ডায়াবেটিস টেস্ট পীরগঞ্জে
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা: ৬৫ বছর বয়সে জীবনের প্রথম ডায়াবেটিস টেস্ট পীরগঞ্জে
____________________________
বয়স ৬৫ ছুঁইছুঁই। দীর্ঘ জীবনের পথচলায় কখনো ডায়াবেটিস পরীক্ষা করানোর সুযোগ হয়নি তাঁর। সংসারের চাপে নিজের শরীরের যত্ন নেওয়ার সময়ও হয়ে ওঠেনি ঠিকমতো। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার নারায়ণপুর গ্রামের সেই কৃষক ও স্থানীয় মসজিদের মুয়াজ্জিন আজিজুল হক এবার আর অবহেলা করেননি। প্রথমবারের মতো জানতে চান—শরীরে কি বাসা বেঁধেছে নীরব ঘাতক ‘ডায়াবেটিস’?
আজ সকালে পীরগঞ্জ ডায়াবেটিস অ্যান্ড জেনারেল হাসপাতাল চত্বরে দেখা মেলে তাঁর। পীরগঞ্জ ডায়াবেটিক সমিতির আয়োজনে সেখানে চলছিল বিনামূল্যের ডায়াবেটিস পরীক্ষা ক্যাম্প। খবর শুনে লাইনে দাঁড়ান আজিজুল হক। সকাল থেকেই ছিল উৎসবমুখর পরিবেশ। বয়স্ক নারী-পুরুষের দীর্ঘ লাইন চোখে পড়ার মতো। সবার উদ্দেশ্য এক—বিনামূল্যে রক্তের শর্করা পরীক্ষা ও চিকিৎসকের পরামর্শ নেওয়া।
আজিজুল হক বলেন,
“বয়স তো কম হলো না, কিন্তু আর কোনোদিন ডায়াবেটিস মাপিনি। শুনলাম বিনে পয়সায় পরীক্ষা হচ্ছে, তাই চলে এলাম। শরীরটা ভালো আছে কি না জানা দরকার।”
গ্রামাঞ্চলে স্বাস্থ্যসচেতনতার ঘাটতি, সঙ্গে আর্থিক সংকট—এ দুই কারণে বহু মানুষ নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা থেকে দূরে থাকেন। এই পরিস্থিতিতে পীরগঞ্জ ডায়াবেটিক সমিতির উদ্যোগ সাধারণ মানুষের জন্য স্বস্তির বাতাস এনে দিয়েছে। সকাল থেকে দুপুর পর্যন্ত প্রায় দুই শতাধিক মানুষ সেবা গ্রহণ করেন এ ক্যাম্পে।
আয়োজকদের ভাষ্য—ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং প্রান্তিক মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতেই তাদের এ আয়োজন। আজিজুল হকের মতো যারা জীবনে প্রথমবারের মতো পরীক্ষা করতে এসেছেন, তাদের স্বতঃস্ফূর্ততা এই উদ্যোগের সার্থকতা প্রমাণ করে।
ক্যাম্পের উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল হোসেন। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি ও পীরগঞ্জ ডায়াবেটিক সমিতির সহ-সভাপতি রেজওয়ানুল ইসলাম, সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন বাবুল, পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, ডায়াবেটিক সমিতির আজীবন সদস্য ইলিয়াস আলী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোকাদ্দেস হায়াত মিলন, পীরগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক ও দপ্তর সম্পাদক বাদল হোসেনসহ স্থানীয় শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
মো: আসাদুজ্জামান
ঠাকুরগাঁও প্রতিনিধি
আপনার মতামত লিখুন :