জুলাই শহীদ দিবস উপলক্ষে পীরগঞ্জে আলোচনা সভা
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ১৬ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
মোঃ আসাদুজ্জামান, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
জুলাই শহীদ দিবস-২০২৬ উপলক্ষে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন, পীরগঞ্জ এ সভার আয়োজন করে।
সভায় সভাপতিত্ব করেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম রব্বানী সরদার। এতে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এন. এম. ইশফাকুল কবীর, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আরিফুল্লাহ, পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল হোসেন প্রামানিক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, উপজেলা জামায়াতের আমীর বাবুল আহম্মেদ, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা এবং ৬ নম্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেসুর রহমান চৌধুরী।
এছাড়াও জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী তরুণরা, মহিলা বিষয়ক কর্মকর্তা জিন্নাতারা ইয়াসমিন, আইন-শৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, জনপ্রতিনিধি, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সভায় অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় বক্তারা জুলাইয়ের গণআন্দোলন এবং শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে শহীদদের অবদান জাতি চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে। নতুন প্রজন্মের কাছে তাদের আত্মত্যাগের ইতিহাস ও সংগ্রামের চেতনা পৌঁছে দেওয়ার ওপরও গুরুত্বারোপ করা হয়।
বক্তারা আরও বলেন, শহীদদের আদর্শ ও চেতনাকে ধারণ করে একটি বৈষম্যহীন, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের মাধ্যমে শহীদদের স্বপ্ন বাস্তবায়নের আহ্বান জানান তারা।
সভার শুরুতে জুলাই শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
আপনার মতামত লিখুন :