ফরিদপুরে বসতবাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপনে দুই দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ০৪ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
ফরিদপুর সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে “অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্প”-এর আওতায় দুই দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ হলরুমে শুরু হয় এ প্রশিক্ষণ, যা চলবে ৫ নভেম্বর পর্যন্ত। প্রশিক্ষণে সদর উপজেলার বিভিন্ন এলাকার ৩০ জন কৃষক ও কৃষাণী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আনোয়ার হোসেন। প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন ফরিদপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো. শাহাদুজ্জামান এবং বিশেষ অতিথি হিসেবে প্রশিক্ষণ দেন ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান।
বক্তারা বলেন, বসতবাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন করলে পরিবারের সবজির চাহিদা পূরণের পাশাপাশি খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত হবে। অনাবাদি ও পতিত জমিকে চাষের আওতায় এনে কৃষি উৎপাদন বৃদ্ধি এবং গ্রামীণ নারীদের স্বাবলম্বী করতে এ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিভিন্ন সেশনে প্রশিক্ষণ প্রদান করেন সদর উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা শামিমা আক্তার শাপলা, উপসহকারী কৃষি কর্মকর্তা আবু তাহের মোল্লা আইয়ুব প্রমুখ।
সদর উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, প্রশিক্ষণ শেষে প্রতিটি অংশগ্রহণকারী কৃষক ও কৃষাণীকে ফলজ ও ভেষজ চারা এবং সবজি বীজের প্যাকেট প্রদান করা হবে।
নিরঞ্জন মিত্র (নিরু),
ফরিদপুর জেলা প্রতিনিধি:
আপনার মতামত লিখুন :