সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় অভিযান চালিয়ে ২৪১ বোতল বিদেশি মদসহ মো. কাউছার (২০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯।
বৃহস্পতিবার (৯ এপ্রিল ২০২৬) রাতে উপজেলার মথুরকান্দি বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত কাউছার বিশ্বম্ভরপুর উপজেলার দুঘনগর গ্রামের মো. চাঁন মিয়ার ছেলে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-৩ (সুনামগঞ্জ ক্যাম্প)-এর একটি আভিযানিক দল জানতে পারে যে, সলুকাবাদ এলাকার একটি বসতবাড়ির সামনের রাস্তায় কতিপয় মাদক ব্যবসায়ী অবস্থান করছে।
সংবাদের সত্যতা যাচায়ে রাত আনুমানিক ৯:৫০ মিনিটে র্যাব সদস্যরা সেখানে পৌঁছালে এক ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করেন। এসময় র্যাব ধাওয়া করে কাউছারকে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে তার হেফাজতে থাকা দুটি প্লাস্টিকের বস্তা তল্লাশি করে ২৪১ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে কাউছার স্বীকার করেছে যে, সে দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে মদ সংগ্রহ করে দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ করে আসছিল।
"আসামির বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত আলামতসহ তাকে বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।"
— র্যাব-৯ এর প্রেস বিজ্ঞপ্তি
র্যাব আরও জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান রোধে এবং মাদক নির্মূলে তাদের এ ধরনের গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :