কিশোরগঞ্জে মাত্র ২ হাজার ৪০০ টাকা পাওনাকে কেন্দ্র করে মো. ইমরান মিয়া (৩৫) নামের এক যুবককে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় জেলা সদরের মারিয়া ইউনিয়নের পেয়ারা ভাঙ্গা নাটবাড়ি মোড়ে এই মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটে।
নিহত ইমরান মিয়া মারিয়া ইউনিয়নের কাতিয়াচর গ্রামের মৃত আব্দুল শাহিদের ছেলে। ঘটনার পর থেকেই অভিযুক্ত কালাম পলাতক রয়েছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত ইমরান মিয়া অভিযুক্ত কালামের কাছে ২৪০০ টাকা পেতেন। পাওনা টাকা নেওয়ার জন্য সোমবার সকালে কালামের বাড়িতে যান ইমরান। তবে সে সময় কালাম বাড়িতে না থাকায় তিনি ফিরে আসেন।
সকালে বাড়িতে যাওয়ার বিষয়টিতে ক্ষিপ্ত হয়ে সোমবার সন্ধ্যায় ইমরানকে ফোন করে নিজের বাড়ির সামনে ডেকে পাঠান কালাম। সেখানে পৌঁছানোর পর দুজনের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে কালাম ধারালো ছুরি দিয়ে ইমরানের পেটে ও বুকে উপর্যুপরি আঘাত করেন। এ সময় কালামের স্ত্রী ইমরানকে ধরে রাখেন বলে অভিযোগ রয়েছে। ছুরিকাঘাতে গুরুতর আহত হয়ে ইমরান রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।
পরে স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করে। কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূঁইয়া জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে এবং ঘাতক কালামকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের বিষয়েও তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :