পটুয়াখালী: পটুয়াখালীর লেবুখালীতে পায়রা সেতুর টোলপ্লাজায় ঘুষের বিনিময়ে অতিরিক্ত পণ্যবোঝাই (ওভারলোডেড) ট্রাক ছেড়ে দেওয়ার অভিযোগে মো. নুরুজ্জামান নামে এক টোল কালেক্টরকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) রাতে টোল প্লাজার ইজারাপ্রাপ্ত প্রতিষ্ঠান ‘মেসার্স বেস্ট ইস্টার্ন’ এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে।
সূত্র জানায়, মঙ্গলবার সন্ধ্যায় যশোর-ট-১১-৩১৩৬ নম্বরের একটি ট্রাক পায়রা সেতুর টোল প্লাজায় পৌঁছালে ওজন স্কেলে নির্ধারিত সীমার চেয়ে অনেক বেশি পণ্য ধরা পড়ে। অভিযোগ ওঠে, টোল কালেক্টর নুরুজ্জামান সরকারি নিয়ম অনুযায়ী আইনানুগ ব্যবস্থা না নিয়ে ট্রাকচালকের কাছ থেকে ৫০০ টাকা ঘুষ গ্রহণ করে গাড়িটি ছেড়ে দেন।
বিষয়টি উপস্থিত স্থানীয়দের নজরে এলে তারা ট্রাকটি ধাওয়া করে আটক করেন। পরে পুনরায় ওজন করা হলে দেখা যায়, ২২ টন ধারণক্ষমতার ওই ট্রাকে অতিরিক্ত আরও ২২ টন ৭০০ কেজি পণ্য পরিবহন করা হচ্ছিল। অর্থাৎ ট্রাকটি তার নির্ধারিত সীমার চেয়ে দ্বিগুণেরও বেশি ওজন বহন করছিল।
এই ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হলে টোল প্লাজার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। প্রাথমিক তদন্তে ঘুষ গ্রহণের সত্যতা মেলে। এছাড়া অভিযুক্ত নুরুজ্জামানের বিরুদ্ধে ইতিপূর্বেও একই ধরনের অনৈতিক কর্মকাণ্ডের সংশ্লিষ্টতা থাকায় তাকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।
রাত ৯টার দিকে ইজারাদার প্রতিষ্ঠানের অপারেশন ডিরেক্টর সজল বিশ্বাস স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এই আদেশ কার্যকর করা হয়।
টোল প্লাজা কর্তৃপক্ষ জানিয়েছে, সেতুর স্থায়িত্ব ও নিরাপত্তা রক্ষায় ওভারলোডেড যানবাহনের বিষয়ে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে। ভবিষ্যতে এ ধরনের অনিয়ম ও দুর্নীতিরোধে সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণসহ নজরদারি আরও জোরদার করা হবে বলে তারা নিশ্চিত করেছেন।
সাকিব হোসেন
পটুয়াখালী জেলা প্রতিনিধি।
আপনার মতামত লিখুন :