নেত্রকোণায় অবৈধ বিদ্যুৎ সংযোগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতি আহত, থানায় অভিযোগ


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ১৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:


মোঃ নাজমুল ইসলাম,নেত্রকোণা প্রতিনিধিঃ

নেত্রকোণার খালিয়াজুরীতে অবৈধভাবে নেওয়া বিদ্যুৎ সংযোগ থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক সরকারি কর্মচারী ও তাঁর স্ত্রী গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় দুই ব্যক্তির বিরুদ্ধে খালিয়াজুরী থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগকারী মো. সুমন মিয়া খালিয়াজুরী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক হিসেবে কর্মরত। তিনি উপজেলা স্টাফ কোয়ার্টারের যমুনা ভবনের নিচতলায় পরিবার নিয়ে বসবাস করেন।

লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, কলমাকান্দা উপজেলার বাসিন্দা ওয়াজেদ আলী ফকির এবং খালিয়াজুরী উপজেলার মুসলিমপাড়া এলাকার জাহাঙ্গীর পরস্পরের যোগসাজশে তাঁর বসবাসরত ভবনের বারান্দার মেইন সুইচ থেকে অনুমতি ছাড়াই নির্মাণকাজের জন্য বিদ্যুৎ সংযোগ নেন। নিম্নমানের তার ব্যবহার করে এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই সংযোগটি স্থাপন করা হয়। বিষয়টি ঝুঁকিপূর্ণ হওয়ায় তিনি ও তাঁর স্ত্রী একাধিকবার আপত্তি জানান। একপর্যায়ে সংযোগ বিচ্ছিন্ন করা হলেও পরে পুনরায় একই স্থান থেকে বিদ্যুৎ নেওয়া হয় বলে অভিযোগে দাবি করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, কোরবানির ঈদের ছুটি শেষে গত ৬ জুন দুপুরে পরিবার নিয়ে বাসায় ফেরেন সুমন মিয়া। বাসায় প্রবেশের পর বারান্দার গ্রিল থেকে গামছা নামাতে গিয়ে গ্রিলে হাত লাগার সঙ্গে সঙ্গে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। তাঁর চিৎকার শুনে স্ত্রী মোছা. হাসনাহেনা দ্রুত এগিয়ে এসে মেইন সুইচ বন্ধ করার চেষ্টা করলে তিনিও বিদ্যুতের শিকার হন।

এ সময় তাঁদের তিন সন্তান ঘটনাস্থলে ছুটে আসে। পরিস্থিতির ভয়াবহতা বুঝতে পেরে বড় মেয়ে জান্নাতুল ফেরদাউস (১৩) ছোট দুই ভাইবোনকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেয় এবং সাহায্যের জন্য চিৎকার করতে থাকে। পরে স্থানীয় লোকজন এসে দীর্ঘ চেষ্টার পর দম্পতিকে উদ্ধার করে খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে তাঁদের নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়। পরে তাঁরা সেখানে চিকিৎসা গ্রহণ করেন।

সুমন মিয়ার দাবি, দুর্ঘটনায় তাঁর ডান হাত গুরুতরভাবে দগ্ধ হয়েছে। তাঁর স্ত্রীর বাম হাতের তালু ও ডান পায়েও পোড়া জখম হয়েছে। অভিযোগে তিনি উল্লেখ করেন, আরও কিছুক্ষণ বিদ্যুতের সংস্পর্শে থাকলে তাঁদের প্রাণহানির আশঙ্কা ছিল।

এ ঘটনায় ওয়াজেদ আলী ফকির ও জাহাঙ্গীরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী।

অভিযুক্ত ওয়াজেদ আলী ফকিরের বক্তব্য জানতে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ছবিঃ মো. সুমন মিয়া ও তার স্ত্রী মোছা. হাসনাহেনা


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ