অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর গত ১৩ মাসে দেশে অন্তত ৪০টি বিচারবহির্ভূত হত্যার ঘটনা
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর গত ১৩ মাসে দেশে অন্তত ৪০টি বিচারবহির্ভূত হত্যার ঘটনা
____________________________
অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর গত ১৩ মাসে দেশে অন্তত ৪০টি বিচারবহির্ভূত হত্যার ঘটনা ঘটেছে। মানবাধিকার সংস্থা ‘অধিকার’-এর সর্বশেষ প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।
সংস্থাটির তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ৯ আগস্ট থেকে ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময়ে এই হত্যাগুলো সংঘটিত হয়। এর মধ্যে ১৯ জনকে গুলি করে, ১৪ জনকে নির্যাতন করে, এবং ৭ জনকে হেফাজতে পিটিয়ে হত্যা করা হয়েছে।
২০২৫ সালের জুলাই থেকে সেপ্টেম্বর সময়কালে বিচারবহির্ভূত হত্যার ১১টি ঘটনা ঘটেছে। এর মধ্যে অভিযোগ রয়েছে — যৌথ বাহিনীর হাতে ৭ জন, পুলিশের হাতে ৩ জন এবং সেনা সদস্যদের হাতে ১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৬ জনকে গুলি করে, ৩ জনকে নির্যাতন করে এবং ২ জনকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
অধিকারের প্রতিবেদনে আরও বলা হয়, এ সময়ের মধ্যে ২৭ জন কারাগারে মারা গেছেন, ফলে অন্তর্বর্তী সরকারের ১৩ মাসে কারাগারে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮৮ জনে।
একই সময়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে অন্তত ৩৫ জন বাংলাদেশি নিহত হয়েছেন, যার মধ্যে চলতি বছরের জুলাই–সেপ্টেম্বরেই নিহত ১০ জন। এছাড়া, গত মে মাস থেকে বিভিন্ন সীমান্তপথ দিয়ে ভারত অন্তত ২ হাজার ৩৩৩ জন বাংলাদেশিকে ঠেলে দিয়েছে বলেও প্রতিবেদনে জানানো হয়।
অধিকারের প্রতিবেদনে আরও বলা হয়েছে, জুলাই থেকে সেপ্টেম্বর মাসে রাজনৈতিক সহিংসতায় ৪৬ জন নিহত হয়েছেন। এভাবে অন্তর্বর্তী সরকারের ১৩ মাসে রাজনৈতিক সহিংসতায় মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ২৮১ জনে।
একই সময়ে ৬৮৭ নারী ও কিশোরী ধর্ষণের শিকার হয়েছেন, যার মধ্যে ১৮৮টি ঘটনা ঘটেছে শুধু জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে। এছাড়া ১৫৩ জনকে পিটিয়ে হত্যা করা হয়েছে — যার ৪৫টি ঘটনাই ঘটেছে চলতি বছরের জুলাই–সেপ্টেম্বরে।
সংস্থাটি জানায়, এই প্রতিবেদনটি তাদের সহযোগী মানবাধিকার সংগঠনগুলোর তথ্য এবং বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ বিশ্লেষণ করে প্রস্তুত করা হয়েছে।
আপনার মতামত লিখুন :