মৌলভীবাজারে ভাতিজাকে চড় মারাকে কেন্দ্র করে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ১১ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

মৌলভীবাজারে ভাতিজাকে চড় মারাকে কেন্দ্র করে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন
__________________________________


মৌলভীবাজার শহরে ভাতিজাকে শাসন করে চড় মারাকে কেন্দ্র করে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হওয়ার মর্মান্তিক ঘটনা ঘটেছে। নিহত কিশোরের নাম তামিম আহমদ (১৬)। অভিযুক্ত বড় ভাই হানিফ মিয়া (৩৫)।

বুধবার (১১ মার্চ) সন্ধ্যার কিছুক্ষণ আগে মৌলভীবাজার শহরের টিবি হাসপাতাল সড়কের সার্কিট হাউস এলাকায় এ ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা যায়, নিহত তামিম আহমদ ওই এলাকার ডাব বিক্রেতা শাহেদ আলীর আট ছেলে-মেয়ের মধ্যে সবার ছোট। 

বুধবার হানিফ মিয়ার ছেলে মিথ্যা কথা বলায় তাকে শাসন করতে গিয়ে এক পর্যায়ে চড় মারেন চাচা তামিম। পরে বিষয়টি ছেলের কাছ থেকে জানতে পেরে ক্ষিপ্ত হয়ে ওঠেন হানিফ মিয়া।

অভিযোগ রয়েছে, পরে তিনি তামিমকে ডেকে নিয়ে শার্টের কলার চেপে ধরে গলায় ধারালো ছুরি দিয়ে আঘাত করেন। এতে গুরুতর রক্তক্ষরণে ঘটনাস্থলেই তামিমের মৃত্যু হয়।

নিহতের বড় বোন তানিয়া বেগম জানান, তামিম ও হানিফের মধ্যে প্রায়ই ঝগড়াঝাঁটি হতো। প্রায় ছয় মাস আগে হানিফ আরেক ভাইয়ের হাত কেটে দেয়। ওই ঘটনায় তিনি দীর্ঘদিন কারাগারেও ছিলেন।

তিনি আরও জানান, “ঘটনার সময় আমি স্বামীর বাড়িতে ছিলাম। খবর পেয়ে ছুটে আসি। আমার ভাই খুব ভালো ছিল। সে বাবার সঙ্গে ডাব বিক্রির কাজে সাহায্য করত এবং আমাদের ভাই-বোনদের মধ্যে সবার ছোট ছিল।”

ঘটনার পর নিহত তামিমের মরদেহ ময়নাতদন্তের জন্য পরিবারের সদস্য ও প্রতিবেশীরা মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। সেখানে মরদেহের পাশে বাবা শাহেদ আলী ও মা শাহানা বেগমকে বিলাপ করতে দেখা যায়।

মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”

ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।


মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী, 
ক্রাইম রিপোর্টার :


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ