নরসিংদীতে তিন অবৈধ কারখানার কার্যক্রম বন্ধ করল পরিবেশ অধিদপ্তর


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

নরসিংদীতে তিন অবৈধ কারখানার কার্যক্রম বন্ধ করল পরিবেশ অধিদপ্তর
___________________________



নরসিংদীতে পরিবেশ দূষণকারী তিনটি অবৈধ কারখানার গ্যাস, বিদ্যুৎ ও পানি সংযোগ বিচ্ছিন্ন করে কার্যক্রম বন্ধ করে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। বুধবার (২৯ অক্টোবর) সকাল ১০টায় পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট শাখার নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিক আহমেদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে নরসিংদী সদর ও মাধবদী থানায় অবস্থিত তিনটি কারখানা বন্ধ করা হয়।

পরিবেশ অধিদপ্তর নরসিংদী জেলা কার্যালয়ের উপপরিচালক মো. বদরল হুদা বলেন, “অবৈধভাবে পরিচালিত ও পরিবেশ দূষণকারী কারখানার বিরুদ্ধে আমাদের অভিযান চলমান রয়েছে। অভিযানে তিনটি কারখানার গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে উৎপাদন সম্পূর্ণরূপে বন্ধ করা হয়েছে।”

প্রথমে মাধবদীর আনন্দী এলাকায় অবস্থিত জিয়াংসু জিনডিং স্টোরেজ কোং লিমিটেড নামের একটি ব্যাটারি কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পরে পল্লী বিদ্যুৎ সমিতি–১ এর কর্মকর্তারা মিটার জব্দ করেন এবং কারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ করা হয়।

এরপর বিরামপুর কালীবাড়ি এলাকার মেসার্স আলী ফেব্রিক্স অ্যান্ড ডাইং কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে তিতাস গ্যাস কোম্পানির কাছে রেগুলেটর হস্তান্তর করা হয়। একই সঙ্গে বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করে পল্লী বিদ্যুৎ সমিতি–১ এর কাছে মিটার হস্তান্তর করা হয়।

অভিযানের শেষ পর্যায়ে দক্ষিণ শিলমান্দী পাঁচদোনা এলাকার আব্দুল্লাহ ডাইং ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানার গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে যথাক্রমে তিতাস গ্যাস কোম্পানি এবং পল্লী বিদ্যুৎ সমিতি–২ এর নিকট হস্তান্তর করা হয়।

পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, “পরিবেশ দূষণকারী অবৈধ কারখানার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। কোনোভাবেই পরিবেশের ক্ষতিকর কার্যক্রমকে ছাড় দেওয়া হবে না।”

অভিযানে পরিবেশ অধিদপ্তর নরসিংদী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আবুল মুনসুর মোল্লা, প্রশান্ত কুমার রায়, পরিদর্শক সমর কৃষ্ণ দাস ও মো. গিয়াস উদ্দিনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আইন-শৃঙ্খলা রক্ষায় নরসিংদী জেলা পুলিশ, র‌্যাব–১১ এর টহল দল, তিতাস গ্যাস কোম্পানি এবং নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি–১ ও ২–এর প্রতিনিধিরাও সহযোগিতা করেন।


প্রতিবেদকঃসাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ