সরিষাবাড়ীতে সাংবাদিকদের ওপর হামলা, “পা কেটে ফেলার” হুমকি!


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

রাষ্ট্রীয় খাস জমিতে অবৈধ নির্মাণ নিয়ে সংবাদ সংগ্রহের সময় ঘটলো ঘটনা**


জামালপুরের সরিষাবাড়ীতে রাষ্ট্রীয় খাস জমিতে অবৈধভাবে ভবন নির্মাণের বিষয়ে তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই সাংবাদিক। তাঁরা হলেন— দৈনিক কালবেলা পত্রিকার স্থানীয় প্রতিনিধি মো. ইসমাইল হোসেন (৪৫) এবং দৈনিক ঘোষণা-এর স্টাফ রিপোর্টার তৌকির আহাম্মেদ হাসু (৩২)। শুধু হামলাই নয়, তাঁদের প্রাণনাশের পাশাপাশি “ঠ্যাং কেটে ফেলার” হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী সাংবাদিক ইসমাইল হোসেন।

ঘটনাটি ঘটে শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে সরিষাবাড়ী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স মোড় এলাকায়।

অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্তরা হলেন একই উপজেলার দিয়ার কৃষ্ণাই গ্রামের বাসিন্দা সঞ্জয় চৌধুরী (৪৫) ও হৃদয় চৌধুরী (৪০), পিতা লক্ষীচাঁন চৌধুরী।

সাংবাদিক ইসমাইল হোসেন জানান, সংবাদ সংগ্রহের সময় তিনি জানতে পারেন— মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন যে জমিতে ভবন নির্মাণ করা হচ্ছে সেটি রাষ্ট্রীয় খাস জমি। এ জমি নিয়ে সরকার বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেছে এবং আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও তারা সেখানে নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছিলেন।

বিষয়টি অভিযুক্তদের কাছে জানতে চাইলে তারা ক্ষিপ্ত হয়ে অশালীন ভাষায় গালিগালাজ করে দুই সাংবাদিকের ওপর হামলা চালায়। এতে তাঁরা আহত হন এবং পরে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।

সাংবাদিক ইসমাইল হোসেন বলেন, “রাষ্ট্রীয় সম্পত্তি রক্ষার বিষয়ে জানতে চাওয়াই আমার অপরাধ! তারা আমাকে ঠ্যাং কেটে ফেলার হুমকি দিয়েছে। আমি এই হামলার সুষ্ঠু বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”

এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাশেদুল হাসান রাশেদ বলেন, “সাংবাদিকের লিখিত অভিযোগ আমরা পেয়েছি। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় স্থানীয় সচেতন মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাঁরা দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


মাসুদ রানা, জামালপুর প্রতিনিধি:


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ