মোঃ মহিব উল্যাহ সোহেল,নির্বাহী সম্পাদক:
গঠনমূলক সাংবাদিকতা এবং মানবাধিকার কার্যক্রমকে কীভাবে আরও কার্যকর, জনসম্পৃক্ত ও অংশগ্রহণমূলক করা যায়—এ বিষয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা ও চা-চক্র অনুষ্ঠিত হয়েছে। গত ১৭ জুন ২০২৬ তারিখে রাজধানীর ঢাকায় অংকন উদ্যোক্তা উন্নয়ন ফাউন্ডেশন-এর কার্যালয়ে আয়োজিত এ সভায় দেশের গণমাধ্যম, মানবাধিকার ও সামাজিক উন্নয়ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান জাফর হায়দার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের সাধারণ সম্পাদক কালিমুল্লাহ ইকবাল এবং অংকন উদ্যোক্তা উন্নয়ন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এ্যাড. নাসরীন সুলতানা হীরা।
এ ছাড়া আরও উপস্থিত ছিলেন বেস্ট ফিউচার-এর চেয়ারম্যান আসাদুজ্জামান তালুকদার, বিশিষ্ট ব্যবসায়ী মিঃ গিয়াস উদ্দিন এবং বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশনের ঢাকা মহানগর কমিটির আহ্বায়কসহ বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
সভায় বক্তারা বলেন, বর্তমান সময়ে সাংবাদিকতার মূল লক্ষ্য হওয়া উচিত কেবল সমস্যা তুলে ধরা নয়, বরং সমস্যার সম্ভাব্য সমাধান, ইতিবাচক উদ্যোগ এবং জনসম্পৃক্ততার পথও উন্মোচন করা। গঠনমূলক সাংবাদিকতা সমাজে সচেতনতা বৃদ্ধি, জবাবদিহিতা প্রতিষ্ঠা এবং ইতিবাচক পরিবর্তন আনতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
মানবাধিকার কার্যক্রমকে আরও কার্যকর করতে স্থানীয় জনগণ, গণমাধ্যম, সামাজিক সংগঠন এবং তরুণদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। বক্তারা মত প্রকাশ করেন যে—তথ্যভিত্তিক প্রতিবেদন, জনসচেতনতা বৃদ্ধি, নাগরিক সম্পৃক্ততা এবং মানবিক মূল্যবোধের প্রসারের মাধ্যমেই কেবল একটি ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গঠন সম্ভব।
সভায় অংশগ্রহণকারীরা সাংবাদিকতা ও মানবাধিকার কার্যক্রমের মধ্যে সমন্বয় জোরদার, তৃণমূল পর্যায়ে সচেতনতামূলক কার্যক্রম বৃদ্ধি এবং সামাজিক উন্নয়নে যৌথ উদ্যোগ গ্রহণের বিষয়ে একমত পোষণ করেন।
অনুষ্ঠানটির সার্বিক সমন্বয় ও সহযোগিতায় ছিলেন অংকন ট্রেডার্স-এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ মহিব উল্যাহ সোহেল।
আপনার মতামত লিখুন :