চট্টগ্রামে ইফতার সামগ্রী বিতরন অনুষ্ঠান থেকে খালি হাতেই ফিরল মানুষ


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:

চট্টগ্রামে ইফতার সামগ্রী বিতরন অনুষ্ঠান থেকে খালি হাতেই ফিরল মানুষ
________________________________


চট্টগ্রাম নগরের পূর্ব বাকলিয়ার কালামিয়া বাজারে ইফতার ও সাহরি সামগ্রী বিতরণের নামে আয়োজিত একটি অনুষ্ঠানে চরম ভোগান্তির শিকার হয়েছেন সাধারণ মানুষ। দীর্ঘ সময় রোদে বসে থেকেও দুই শতাধিক কার্ডধারী ব্যক্তি শেষ পর্যন্ত কোনো সামগ্রী না পেয়ে খালি হাতে ফিরে গেছেন।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে ‘মরহুম ইসমাইল স্মৃতি ফাউন্ডেশন’ নামের একটি সংগঠনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। স্থানীয় সূত্র জানায়, কর্মসূচিটির তত্ত্বাবধানে ছিল স্থানীয় ওয়ার্ড যুবদল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. শাহাদাত হোসেন এবং বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান। তবে ওয়ার্ড বা থানা বিএনপির উল্লেখযোগ্য কোনো নেতাকে সেখানে দেখা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর আড়াইটা থেকে খোলা আকাশের নিচে কড়া রোদে দুই শতাধিক মানুষকে বসিয়ে রাখা হয়। পরে মেয়র ডা. শাহাদাত হোসেন উপস্থিত হয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন। এ সময় ফটোসেশনের জন্য ৪০ থেকে ৫০ জনের হাতে সামগ্রী তুলে দেওয়া হয়।
সামগ্রী পাওয়া একজন জানান, একটি কালো পলিথিন ব্যাগে ২ কেজি চাল, ১ কেজি ছোলা ও ৫০০ গ্রাম চিড়া দেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করেন, বক্তব্য শেষ করে মেয়র অনুষ্ঠানস্থল ত্যাগ করার পরপরই বিতরণ কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। লাইনে দাঁড়িয়ে থাকা বহু কার্ডধারী অসহায় মানুষ শেষ পর্যন্ত কিছু না পেয়েই বাড়ি ফিরে যান।

সামগ্রী নিতে যাওয়া এক ব্যক্তি বলেন, সারাদিন রোজা রেখে কার্ড হাতে দাঁড়িয়ে ছিলেন তিনি। মেয়র ছবি তুলে চলে যাওয়ার পর জানানো হয়, মালামাল শেষ।
স্থানীয়রা আরও অভিযোগ করেন, গত বছরও একই ধরনের আয়োজন করে কার্ড বিতরণের পর অনেককে সামগ্রী না দিয়ে ফিরিয়ে দেওয়া হয়েছিল।

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ