মো সেলিম , ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ):
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে উভয় পক্ষের উপস্থিতিতে মাপজোক করে নির্ধারিত জমির সীমানা খুঁটি জোরপূর্বক উপড়ে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গত মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার সোহাগী ইউনিয়নের চট্টি গ্রামে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।
ঘটনার বিবরণ:
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, চট্টি মৌজায় প্রদীপ কুমার সরকারের ক্রয়কৃত বসতবাড়ি, পুকুর ও বাগানবাড়ির সীমানা নির্ধারণের জন্য মঙ্গলবার সকালে উভয় পক্ষের সম্মতিতে মাপজোকের উদ্যোগ নেওয়া হয়। এ সময় প্রতিপক্ষ প্রবীর কুমার সরকার (প্রবল), তাঁর ছেলে চয়ন সরকার এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। নিযুক্ত আমিনের মাধ্যমে সুষ্ঠুভাবে পরিমাপ শেষে নির্দিষ্ট স্থানে বাঁশের খুঁটি পুঁতে সীমানা নির্ধারণ করা হয়।
পরিমাপ শেষে ভুক্তভোগী পরিবারের সদস্যরা নিজ কাজে চলে যাওয়ার কিছুক্ষণ পরই প্রবীর কুমার সরকার ও তাঁর স্ত্রী মঞ্জু রাণী ক্ষিপ্ত হয়ে সীমানার খুঁটিগুলো জোরপূর্বক উপড়ে ফেলেন। এ সময় ভুক্তভোগী পরিবারের সদস্য লিটন কুমার সরকার বাধা দিতে গেলে তাঁকে উপেক্ষা করা হয় এবং মিথ্যা মামলায় জড়ানোসহ প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।
পূর্ববিরোধ ও হয়রানি:
ভুক্তভোগীদের দাবি, এর আগে প্রবীর কুমার সরকার এই বসতবাড়ি ও বাগানবাড়ির অংশটির বিনিময়ে অন্য ভালো আবাদি জমি দেওয়ার সমঝোতা প্রস্তাব দিলেও পরবর্তীতে তিনি কথা রাখেননি। উল্টো এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছেন। এর আগেও এই জমি নিয়ে একটি মিথ্যা মামলা করা হয়েছিল, যা আদালতে খারিজ হয়ে গেছে। বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে ভুক্তভোগী পরিবারটি।
ভুক্তভোগীদের অভিযোগ, পুলিশে কর্মরত প্রবীর চন্দ্র সরকারের ছেলে পলাশ চন্দ্র সরকারের প্ররোচনা ও নির্দেশেই এই ন্যক্কারজনক ঘটনা ঘটানো হয়েছে। এ বিষয়ে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
প্রতিপক্ষের বক্তব্য:
এ বিষয়ে অভিযুক্ত প্রবীর চন্দ্র সরকারের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জমিটি নিজেদের দাবি করে খুঁটি উপড়ে ফেলার কথা স্বীকার করেন। তিনি জানান, বিরোধপূর্ণ জমিটি এজমালি হওয়ায় তাঁর বড় ভাই ভাতিজি ও ভাতিজি জামাই প্রদীপ কুমারের কাছে বিক্রি করেছেন। বাড়ি সংক্রান্ত বিষয় হওয়ায় তা ফিরিয়ে দেওয়ার জন্য আপোস আলোচনা চলছে এবং কোনো মাপজোক হয়নি বলে দাবি করেন তিনি। পরে প্রতিবেদকের সাথে সাক্ষাতে কথা বলবেন জানিয়ে সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
আপনার মতামত লিখুন :