জি.টি স্কুলের জনপ্রিয় শিক্ষক ফিরোজ স্যারের ৮ম বিদায় সংবর্ধনা দিবস আজ
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
জি.টি স্কুলের জনপ্রিয় শিক্ষক ফিরোজ স্যারের ৮ম বিদায় সংবর্ধনা দিবস আজ
______________________________
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার ঐতিহ্যবাহী গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া সরকারি উচ্চ বিদ্যালয় (জি.টি স্কুল)-এর প্রিয় শিক্ষক, প্রাক্তন সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা) জনাব শেখ ফিরোজ আহম্মেদ স্যারের ৮ম বিদায় সংবর্ধনা দিবস আজ।
আজ থেকে ঠিক ৮ বছর আগে, ২০১৮ সালের ১৫ জানুয়ারি তিনি সম্মান ও গৌরবের সঙ্গে তাঁর দীর্ঘ শিক্ষকতা জীবনের ইতি টানেন। নিষ্ঠা, আন্তরিকতা ও ভালোবাসার সঙ্গে দীর্ঘদিন তিনি এই বিদ্যালয়ে শিক্ষকতা করে অসংখ্য শিক্ষার্থীকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলেছেন। তাঁর জীবনের একটি বড় অংশই কেটেছে জি.টি স্কুলের শিক্ষার্থীদের শিক্ষা, শৃঙ্খলা ও নেতৃত্ব বিকাশে।
ফিরোজ স্যারের হাত ধরেই প্রথম জি.টি স্কুলে স্কাউটিং কার্যক্রমের সূচনা হয়। শুধু তাই নয়, টুঙ্গিপাড়া উপজেলায় সর্বপ্রথম স্কাউটিং কার্যক্রম চালু করার কৃতিত্বও তাঁর। তিনি বাংলাদেশ স্কাউট, টুঙ্গিপাড়া উপজেলার সাবেক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন।
বিজয় দিবস, স্বাধীনতা দিবসসহ বিভিন্ন জাতীয় কর্মসূচি, অনূর্ধ্ব ক্যাম্প, বিদ্যুৎ ক্যাম্প, উপজেলা সমাবেশ, জেলা ও আঞ্চলিক ক্যাম্পসহ অসংখ্য স্কাউটিং কার্যক্রম তাঁর দক্ষ নেতৃত্বে সফলভাবে সম্পন্ন হয়েছে। জি.টি স্কুলের শিক্ষার্থীদের জন্য বড় পরিসরের স্কাউট ক্যাম্প আয়োজনেও তাঁর ভূমিকা ছিল অনন্য ও প্রশংসনীয়।
ব্যক্তিগত জীবনে ফিরোজ স্যার ছিলেন অত্যন্ত স্নেহশীল, মানবিক ও সদালাপী মানুষ। শিক্ষক হিসেবে তিনি শিক্ষার্থীদের কাছে ছিলেন ভীষণ প্রিয়। তাঁর অবদান ও স্মৃতি আজও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও প্রাক্তনদের হৃদয়ে অম্লান হয়ে আছে। তাঁর হাতে গড়া স্কাউট শিক্ষার্থীরা আজ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব পালন করে সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছেন—যা তাঁর জীবনের অন্যতম বড় অর্জন।
উল্লেখ্য, ২০১৮ সালের ১৫ জানুয়ারি তৎকালীন দশম শ্রেণির শিক্ষার্থীরা (২০১৯ সালের এসএসসি ব্যাচ) অত্যন্ত সুন্দর ও স্মরণীয়ভাবে তাঁর বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। পরবর্তীতে গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া সরকারি উচ্চ বিদ্যালয়ের (১৯৮৪–২০১৯) প্রাক্তন স্কাউট সদস্যদের উদ্যোগে ২৫ ডিসেম্বর ২০২২ তারিখে তাঁকে নিয়ে এক স্মরণীয় স্কাউট পুনর্মিলনী অনুষ্ঠিত হয়, যা ব্যাপক সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়।
পুনর্মিলনী অনুষ্ঠানের স্লোগান ছিল—
“প্রিয় মুখের ভিড়ে, প্রাণের উচ্ছ্বাসে।”
জি.টি স্কুলের সকল শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রিয় শিক্ষক জনাব শেখ ফিরোজ আহম্মেদ স্যারের ৮ম বিদায় সংবর্ধনা দিবসে জানানো হয় বিনম্র শ্রদ্ধা, আন্তরিক শুভেচ্ছা ও নিরন্তর শুভকামনা।
বিশ্বজিৎ চন্দ্র সরকার,
জেলা প্রতিনিধি গোপালগঞ্জ।
আপনার মতামত লিখুন :