ধানের শীষের পক্ষে জনমত গঠনে সুনামগঞ্জে বিশাল গণসমাবেশ
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ০১ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
সুনামগঞ্জ-১ আসনে সম্ভাব্য প্রার্থী কামরুজ্জামান কামরুলের সমর্থনে জনতার ঢল
সুনামগঞ্জ-১ (জামালগঞ্জ, তাহিরপুর, মধ্যনগর ও ধর্মপাশা) আসনে ধানের শীষের পক্ষে জনমত গঠনের লক্ষ্যে আয়োজিত এক বিশাল গণসমাবেশে উপচে পড়া জনস্রোত লক্ষ্য করা গেছে।
শনিবার দুপুরে তাহিরপুর উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলা সদরের খেলার মাঠে এ গণসমাবেশ অনুষ্ঠিত হয়। বৈরী আবহাওয়া ও ঝড়বৃষ্টি উপেক্ষা করে বিভিন্ন উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড থেকে হাজারো নারী-পুরুষ মিছিলসহকারে সমাবেশস্থলে উপস্থিত হয়ে মাঠটি কানায় কানায় পূর্ণ করে তোলে।
সমাবেশে সভাপতিত্ব করেন তাহিরপুর উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহবায়ক (স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত) ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মেহেদী হাসান উজ্জ্বল।
গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, সুনামগঞ্জ-১ আসনে ধানের শীষের সম্ভাব্য প্রার্থী কামরুজ্জামান কামরুল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধর্মপাশা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক (স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত) মো. আব্দুল হক, যুগ্ম আহবায়ক নুরুল ইসলাম বিএসসি, জামালগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জুলফিকার চৌধুরী রানা,সহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি নেতৃবৃন্দ।
প্রধান অতিথি কামরুজ্জামান কামরুল জনতার ঢল দেখে আবেগাপ্লুত হয়ে বলেন—
> “দেশে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে। তবে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ বিষয়ে সজাগ দৃষ্টি রাখছেন।”
তিনি আরও বলেন—
> “ধানের শীষের মনোনয়ন পেয়ে যদি জনগণের ভোটে নির্বাচিত হতে পারি, তাহলে এই অবহেলিত হাওরাঞ্চলের মানুষের জন্য রাস্তাঘাট, স্কুল-কলেজ, ব্রিজ-কালভার্টসহ সার্বিক অবকাঠামোগত উন্নয়নে কাজ করব।”
সমাবেশে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন এবং ধানের শীষের পক্ষে স্লোগান দিয়ে মাঠ প্রকম্পিত করে তোলেন।
আপনার মতামত লিখুন :