মো: মামুন হোসেন, শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি:
শেরপুরের শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৩৭ বোতল ভারতীয় বিদেশি মদ, বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস এবং চোরাচালানে ব্যবহৃত একটি ইজিবাইক উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে অভিযানে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর অধীন কর্ণঝোড়া বিওপির একটি বিশেষ টহল দল সীমান্তবর্তী এলাকায় অভিযান চালায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মালামাল ফেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এসব অবৈধ পণ্য ও ইজিবাইক জব্দ করা হয়।
বিজিবি জানায়, উদ্ধার করা বিদেশি মদ ও কসমেটিকস অবৈধভাবে সীমান্ত পথে দেশের অভ্যন্তরে পাচারের উদ্দেশ্যে আনা হয়েছিল। জব্দকৃত মালামালের বাজারমূল্য নির্ধারণের প্রক্রিয়া চলছে। আইনি আনুষ্ঠানিকতা শেষে উদ্ধারকৃত পণ্য সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। এছাড়া, এ ঘটনার সঙ্গে জড়িত চোরাচালান চক্রকে শনাক্ত করতে বিজিবির গোয়েন্দা নজরদারি ও আইনি তৎপরতা অব্যাহত রয়েছে।
সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে ও অবৈধ পণ্য প্রবেশ ঠেকাতে বিজিবি নিয়মিত টহল জোরদার করেছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে। তারা আরও জানায়, সীমান্ত এলাকায় মাদকসহ যেকোনো ধরনের চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে।
স্থানীয়রা জানান, বিজিবির ধারাবাহিক অভিযানের ফলে সীমান্ত এলাকায় চোরাকারবারিদের দৌরাত্ম্য অনেকটাই কমে এসেছে। তবে সংঘবদ্ধ চক্রগুলো ভিন্ন ভিন্ন কৌশলে অবৈধ পণ্য পাচারের চেষ্টা অব্যাহত রেখেছে, যা প্রতিরোধে আইন-শৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি প্রয়োজন।
আপনার মতামত লিখুন :