সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি
নরসিংদীর রায়পুরায় টানা ভারী বর্ষণের কারণে মাটির ঘরের দেয়াল ধসে তানঝুমা আক্তার (৮) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। বুধবার (৮ জুলাই) দুপুরে উপজেলার মরজাল ইউনিয়নের মাইজপাড়া গ্রামে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
নিহত তানঝুমা ওই এলাকার আপেল মিয়ার মেয়ে এবং স্থানীয় মাইজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে স্কুল ছুটির পর তানঝুমা বাড়ি ফিরছিল। বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় টানা ভারী বর্ষণে ভিজে দুর্বল হয়ে পড়া একটি পরিত্যক্ত মাটির ঘরের দেয়াল হঠাৎ তার ওপর ধসে পড়ে। এতে দেয়ালের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।
মরজাল ইউনিয়ন পরিষদের সংরক্ষিত সদস্য আছমা বেগম জানান, দেয়াল ধসে শিশুটির মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত শিশুর বাবা বর্তমানে কর্মসূত্রে কক্সবাজারে রয়েছেন। তিনি বাড়ি ফিরলে মরদেহ দাফন করা হবে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মজিবুর রহমান বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের সদস্যদের সাথে কথা বলে এ বিষয়ে পরবর্তী আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে।”
আপনার মতামত লিখুন :