ভারতীয় হাইকমিশনের অনুরোধে অন্তঃসত্ত্বা সোনালীকে বিএসএফের নিকট হস্তান্তর করল বিজিবি
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ০৫ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
ভারতীয় হাইকমিশনের অনুরোধে অন্তঃসত্ত্বা সোনালীকে বিএসএফের নিকট হস্তান্তর করল বিজিবি
_____________________________
বাংলাদেশে পুশইনের শিকার হয়ে আসা অন্তঃসত্ত্বা ভারতীয় নাগরিক সোনালী খাতুনকে মানবিক বিবেচনায় ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের নিকট হস্তান্তর করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ভারতীয় হাইকমিশনের অনুরোধ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় নিবিড় কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে এই প্রক্রিয়া সম্পন্ন হয়।
গত ৫ ডিসেম্বর (শুক্রবার) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে, চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টে (আইসিপি) আনুষ্ঠানিক পতাকা বৈঠকের মাধ্যমে সোনালী খাতুন এবং তার ৮ বছর বয়সী সন্তান মো. সাব্বির শেখকে সুস্থ ও নিরাপদ অবস্থায় বিএসএফের কাছে হস্তান্তর করা হয়।
হস্তান্তর কার্যক্রমে উপস্থিত ছিলেন মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া।
"পুশইন আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘন" — বিজিবি অধিনায়ক
হস্তান্তর শেষে বিজিবির এই কর্মকর্তা বলেন,
> “বিএসএফের অমানবিক পুশইন কর্মকাণ্ড আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড এবং দ্বিপাক্ষিক সীমান্ত ব্যবস্থাপনা চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন। দীর্ঘদিন ধরে এসব পুশইন সীমান্ত এলাকায় মানবিক সংকট সৃষ্টি করছে এবং দুই দেশের বন্ধুত্বপূর্ণ সীমান্ত ব্যবস্থাপনার পথে প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে।”
তিনি আরও বলেন,
> “বাংলাদেশ সরকার, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বিজিবি মানবিক মূল্যবোধ, আন্তর্জাতিক আইন এবং প্রতিবেশীসুলভ সম্পর্কের প্রতি শ্রদ্ধা রেখে পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ স্বচ্ছ, নিরাপদ ও মর্যাদাপূর্ণভাবে সম্পন্ন করেছে। বিশেষ করে অন্তঃসত্ত্বা নারী ও শিশুর চিকিৎসাগত ঝুঁকি বিবেচনায় এ উদ্যোগ মানবতার অনন্য দৃষ্টান্ত।”
বিজিবি আশা প্রকাশ করেছে যে বিএসএফ ভবিষ্যতে এমন অমানবিক পুশইন বন্ধ করবে এবং সীমান্তে মানবিক, সৌহার্দ্যপূর্ণ ও আইনসম্মত প্রক্রিয়া বজায় রাখবে।
মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
আপনার মতামত লিখুন :