এমপি নুরুল এর বিরুদ্ধে চাঁদাবাজির মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ সমাবেশ


FavIcon
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
  • প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড

ছবির ক্যাপশন:


শফিকুল বারি সুনামগঞ্জ প্রতিনিধি। 

সুনামগঞ্জ-বিশ্বম্ভরপুর সড়কের সংস্কারকাজে সংঘটিত বিশাল দুর্নীতির প্রতিবাদ করা এবং সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলকে নিয়ে চলা মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে সুনামগঞ্জ সদর উপজেলা ও পৌর বিএনপি।

​শনিবার দুপুরে শহরের ব্যস্ততম আলফাত স্কয়ারে আয়োজিত এই সমাবেশে বক্তারা কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “চোর ও দুর্নীতিবাজদের মুখোশ উন্মোচন করায় সংসদ সদস্যের বিরুদ্ধে পরিকল্পিতভাবে অপবাদ দেওয়ার অপচেষ্টা চালানো হচ্ছে।”

​বক্তারা আরও জানান, আলোচিত ৫ কিলোমিটার সড়ক ও দুটি ব্রিজ নির্মাণে যেখানে মাত্র ৪০ কোটি টাকা খরচ হওয়ার কথা, সেখানে ৮৭ কোটি টাকার প্রাক্কলন তৈরি করে বিশাল অংকের লুটপাট চালানো হয়েছে। তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, এখানে সামান্য নয়, যেন ‘সাগর চুরি’ হয়েছে এবং এরই মধ্যে ৪৩ কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। এছাড়া দায়সারা গোছের নিম্নমানের কাজ হওয়ায় এবং রাষ্ট্রের অপচয় রোধে সংসদ সদস্য সোচ্চার হওয়ায় তার বিরুদ্ধে ‘চাঁদাবাজির’ মিথ্যা অভিযোগ তোলা হয়েছে। ফ্যাসিস্ট ঠিকাদার ও সাব-ঠিকাদারদের এই চক্রটি কেবল সংসদ সদস্য নন, বিএনপির সামগ্রিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলেও অভিযোগ করেন নেতাকর্মীরা। অতি দ্রুত এই সড়ক সংস্কারের অনিয়ম নিয়ে নিরপেক্ষ তদন্ত এবং এর সাথে জড়িত দুর্নীতিবাজদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন তারা।

​এর আগে দুপুর ১১টা থেকে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপি ও এর অঙ্গসংগঠনের শত শত নেতাকর্মী পুরাতন বাসস্টেশন এলাকায় সমবেত হন। সেখান থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলফাত স্কয়ারে গিয়ে সমাবেশে মিলিত হয়।

​সুনামগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি ফারুক আহমদ লিলুর সভাপতিত্বে অনুষ্ঠিত এই প্রতিবাদ সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহসভাপতি নাদীর আহমদ, আকবর আলী, অ্যাডভোকেট শেরেনুর আলী, রেজাউল হক এবং সাইফুল হাসান জুনেদ প্রমুখ।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ