সংস্কার ছাড়া নির্বাচন নয়: ময়মনসিংহ প্রেসক্লাবের প্রহসনের নির্বাচন বন্ধের দাবিতে মানববন্ধন ঘোষণা
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
- প্রকাশিত : ০৬ জানুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ
জেনারেট ফটোকার্ড
সংস্কার ছাড়া নির্বাচন নয়: ময়মনসিংহ প্রেসক্লাবের প্রহসনের নির্বাচন বন্ধের দাবিতে মানববন্ধন ঘোষণা
_______________________________
সংস্কার ছাড়া ময়মনসিংহ প্রেসক্লাবের তথাকথিত নির্বাচন বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছে ময়মনসিংহ প্রেসক্লাব সংস্কার কমিটি। বুধবার (৭ জানুয়ারি ২০২৬) সকাল ১১টা ৩০ মিনিটে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হবে। কর্মসূচি থেকে পরবর্তী বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে বলে জানিয়েছেন সাংবাদিক নেতারা।
মঙ্গলবার (৬ জানুয়ারি ২০২৬) সন্ধ্যা ৬টায় নগরীর ৪৭ কাচারী রোডে সংস্কার কমিটির অস্থায়ী কার্যালয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আহ্বায়ক আজগর হোসেন রবিন এবং সঞ্চালনা করেন সদস্য সচিব শিবলী সাদিক খান।
সভায় বক্তব্য রাখেন মুখ্য সংগঠক জহর লাল দে, মো. আরিফ রেওগীর, আলমগীর কবির উজ্জল খান, গোলাম কিবরিয়া পলাশ, সুমন ভট্টাচার্য। এছাড়া বক্তব্য দেন যুগ্ম আহ্বায়ক ইউসুফ খান লিটন, আজাহারুল আলম, রোকসানা আক্তার। উপস্থিত ছিলেন তাসলিমা রত্না, নিহার রঞ্জন কুন্ডু, এস এম কে মিজান, মো. আজাহারুল ইসলাম, আমিনুল ইসলাম, মামুনুর রশিদ মামুন, শিউলি রেখা, সেলিম সাজ্জাদ, জামাল উদ্দিন, এহতেশামুল আলম, ফয়েজ আল মামুনসহ অনেকে।
সভায় নেতারা বলেন, দেড় শতাধিক অধিকারবঞ্চিত সাংবাদিক দীর্ঘ চার থেকে পাঁচ বছর ধরে ‘প্রেসক্লাব ফর প্রেসম্যান’ বাস্তবায়নের দাবিতে আন্দোলন করে আসছেন। পেশার দায়বদ্ধতা, স্বচ্ছতা ও পেশাদারিত্ব নিশ্চিত করতে সংবাদ প্রতিবেদন, মানববন্ধন, ঘেরাও কর্মসূচি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দেওয়া হলেও কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।
তারা অভিযোগ করেন, জেলা প্রশাসক এখনো ময়মনসিংহ প্রেসক্লাবের সভাপতির পদ থেকে সরে না গিয়ে নানা সুবিধা গ্রহণের জন্য পদটি আঁকড়ে ধরে রেখেছেন। মাঝেমধ্যে সমঝোতার কথা বলা হলেও বাস্তবে পেশাদার সাংবাদিকদের ন্যায্য অধিকার ও মর্যাদা নিশ্চিত করা হয়নি।
সংস্কার কমিটির পক্ষ থেকে জানানো হয়, সুষ্ঠু সমাধানের লক্ষ্যে তারা নির্বাচন পূর্ববর্তী কিছু মৌলিক সংস্কারের দাবি জানিয়েছেন। এর মধ্যে রয়েছে উভয় পক্ষের সমন্বয়ে একটি এডহক কমিটি গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা প্রণয়ন, খসড়া গঠনতন্ত্র তৈরি, সাধারণ সভার মাধ্যমে গঠনতন্ত্র অনুমোদন এবং চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর নির্বাচন আয়োজন।
সভায় আরও বলা হয়, গত ২ জানুয়ারি ২০২৫ তারিখে প্রেসক্লাব অবরোধের সময় জেলা প্রশাসন, পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর কর্মকর্তাদের উপস্থিতিতে দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হলেও তা আজও বাস্তবায়ন হয়নি। এ অবস্থায় মানববন্ধন থেকে পরবর্তী কঠোর কর্মসূচি ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কর্মরত সকল সাংবাদিককে উক্ত মানববন্ধনে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।
আপনার মতামত লিখুন :